১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রেকর্ড বিক্রির পরও দরপতন এনভিডিয়া’র শেয়ারে

এআই প্রচলনের অন্যতম সুবিধাভোগীদের একটি আমেরিকান প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া, এর বাজার মূল্য বেড়েছে তিন লাখ কোটি ডলারেরও বেশি।

রেকর্ড বিক্রির পরও দরপতন এনভিডিয়া’র শেয়ারে
ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2024, 04:36 PM

Updated : 26 Aug 2026, 10:22 AM

সাধারণত পণ্যের বিক্রি ভালো হলে তার ভালো প্রভাবটাই পড়ে উৎপাদক কোম্পানির শেয়ার মূল্যে। এনভিডিয়ার বেলায় এবার হয়েছে উল্টোটা। রেকর্ড বিক্রির পরও সম্প্রতি কোম্পানিটির শেয়ারের দামে পতন হয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চিপ কোম্পানি এনভিডিয়া বলেছে, জুলাইয়ের শেষের তিন মাস পর্যন্ত তাদের আয় এক বছর আগের তুলনায় দ্বিগুণেরও বেশি বেড়েছে, যা রেকর্ড তিন হাজার কোটি ডলারে পৌঁছেছে।

তবে এই ঘোষণার পরপরই নিউইয়র্কে কোম্পানিটির শেয়ারের দাম ৬ শতাংশের বেশি কমে যায় বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।

এআই প্রচলনের অন্যতম সুবিধাভোগীদের একটি আমেরিকান প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া, এর বাজার মূল্য বেড়েছে তিন লাখ কোটি ডলারেরও বেশি।

শুধু এ বছরই কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৬০ শতাংশের বেশি।

আকাশ সমান উঁচু প্রত্যাশার বাজার মূল্যে পরিচালিত হয়ে থাকে এনভিডিয়া, যেখানে এআই চিপ বাজারে আধিপত্যের জন্য দুই বছরের কম সময়ের মধ্যে কোম্পানিটির বাজার মূল্য হয়েছে নয় গুণ।

এই সময়ের জন্য কোম্পানিটির মুনাফাও বেড়েছে, গত বছরের একই সময়ের তুলনায় এনভিডিয়া’র অপারেটিং আয় ১৭৪ শতাংশ বেড়ে ১৮.৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। হিসাব বলছে, টানা সপ্তম প্রান্তিক পর্যন্ত বিক্রি ও মুনাফা উভয় ক্ষেত্রেই বিশ্লেষকদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে এনভিডিয়া।

“প্রতিটি শিল্পখাতে বিপ্লব ঘটাবে জেনারেটিভ এআই,” বলেছেন এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং।

এদিকে ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, ম্যানহাটনে একটি ‘ওয়াচ পার্টি’র পরিকল্পনা করা হয়েছিল, যেখানে চামড়ার জ্যাকেট পড়ার জন্য সুপরিচিত জেনসেন হুয়াংকে ‘টেইলর সুইফট অব টেক’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।

“এনভিডিয়া ও হুয়াং উভয়ই কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতীক হয়ে উঠেছেন,” বলে মন্তব্য করেছেন গবেষণা ও উপদেষ্টা কোম্পানি ‘ফরেস্টার’-এর জ্যেষ্ঠ বিশ্লেষক অ্যালভিন এনগুয়েন।

এখন পর্যন্ত কোম্পানিকে সহায়তা করে চলেছে এআই। তবে বিভিন্ন কোম্পানি এই প্রযুক্তিতে শত শত কোটি ডলার বিনিয়োগ করার পরও যদি এনভিডিয়া পর্যাপ্ত পরিমাণে এআই চিপ উৎপাদন করতে ব্যর্থ হয় তাহলে তা কোম্পানিটির বাজার মূল্যে আঘাত হানতে পারে বলেও জানান এনগুয়েন।

“এআইয়ের জন্য এক হাজার ধরনের প্রয়োগ যথেষ্ট নয়। আপনার এক লাখ প্রয়োগ দরকার”।