২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিগুণ গতির ইন্টারনেট দিতে রাজশাহীতে আইএসপিএবি নিক্স পপ

রাজশাহী বিভাগের ৮ জেলার আইএসপি ছাড়াও এনটিটিএন, আইআইজি, সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান এ সুবিধা পাবে।

দ্বিগুণ গতির ইন্টারনেট দিতে রাজশাহীতে আইএসপিএবি নিক্স পপ
এর আগে, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও ময়মনসিংহ বিভাগে আইএসপিএবি নিক্স পপ বসানো হয়েছে। ছবি: আইএসপিএবি

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2026, 11:53 AM

Updated : 26 Aug 2026, 03:17 PM

দেশজুড়ে দ্বিগুণ গতির নিরবচ্ছিন্ন, সুরক্ষিত ও প্রান্তিক জনগোষ্ঠিকে স্বল্পমূল্যে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে রাজশাহী বিভাগে বসানো হয়েছে আইএসপিএবি নিক্স এর আঞ্চলিক পপ।

বাংলাদেশ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স ইন্টারনেট এক্সচেঞ্জ ট্রাস্ট ও ইন্টারনেট সোসাইটির যৌথ সহযোগিতায় আইএসপিএবি নিক্স এর আঞ্চলিক পপ বসানো হয়েছে।

এ নিক্স বসানোর ফলে ইন্টারনেট ব্যবসায়ীদের আন্তঃসংযোগের সক্ষমতা বাড়ানো এবং প্রান্তিক জনগণের মধ্যে বিশ্বস্ত ইন্টারনেট সেবা নিশ্চিত হবে।

রাজশাহী বিভাগের ৮ জেলার আইএসপি প্রতিষ্ঠান ছাড়াও এনটিটিএন, আইআইজি, সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান এ সুবিধা পাবে।

এখন থেকে আইএসপি প্রতিষ্ঠানগুলো আঞ্চলিক এ পপ-এর সঙ্গে সংযোগ হয়ে দ্রুতগতির নিরবচ্ছিন্ন, সুরক্ষিত ও স্বল্পমূল্যের ইন্টারনেট সেবা গ্রাহকদের কাছে পৌঁছে দিতে পারবে।

আইএসপিএবি নিক্স বাংলাদেশে উন্নত ইন্টারনেট সেবা ও বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের এক কেন্দ্রীয় হাব হিসেবে কাজ করছে। এর আগে, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও ময়মনসিংহ বিভাগে আইএসপিএবি নিক্স পপ বসানো হয়েছে।

এ পদক্ষেপের ফলে স্থানীয়ভাবে অভ্যন্তরীণ ইন্টারনেট ব্যান্ডউইথ বিনিময় করে আইএসপিগুলো ব্যয়বহুল আন্তর্জাতিক ব্যান্ড উইথ সংযোগের ওপর তাদের নির্ভরতা কমাতে পারছে।

এ ছাড়া, এ নিক্স পপ-এ ক্যাশ সার্ভিস স্থাপনের মাধ্যমে সাধারণ জনগণের কাছে স্বল্পমূল্যে বেশি পরিমাণ ব্যান্ডউইথ সরবরাহের পরিকল্পনা রয়েছে, যা উন্নত ইন্টারনেট পারফরম্যান্সের সঙ্গে ই-কমার্স, মিডিয়া, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো সেক্টরে উদ্ভাবন, উদ্যোক্তা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে উদ্দীপিত করবে।

আঞ্চলিক আইএসপি প্রতিষ্ঠানগুলো রাজশাহী নিক্স পপের সঙ্গে যোগ হয়ে সেবা প্রদান শুরু করলেও এর আনুষ্ঠানিক উদ্বোধন পরবর্তী মাসের মধ্যে অনুষ্ঠিত হতে পারে।