ওপেনএআইয়ের বিরুদ্ধে মাস্কের এক্সএআইয়ের মামলা খারিজ
“আমরা আদালতের এ সিদ্ধান্তকে স্বাগত জানাই। এ ভিত্তিহীন মামলাটি মাস্কের চলমান হয়রানিমূলক অভিযানের অংশ ছাড়া আর কিছুই নয়।”
ব্যবসায়িক গোপন তথ্য চুরির অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কোম্পানি এক্সএআইয়ের করা মামলাটি খারিজ করে দিয়েছে ক্যালিফোর্নিয়ার এক আদালত।
রয়টার্স লিখেছে, মঙ্গলবার এক্সএআইয়ের মামলাটি খারিজ করেছেন স্যান ফ্রান্সিসকোর ডিস্ট্রিক্ট বিচারক রিটা লিন। মামলায় অভিযোগ ছিল, এক্সএআইয়ের ব্যবসায়িক তথ্য চুরি করেছে স্যাম অল্টম্যানের কোম্পানি ওপেনএআই।
বিচারক রিটা লিন বলেছেন, এক্সএআই চাইলে আবারও মামলাটি করতে পারবে। তবে আপাতত ওপেনএআইয়ের বিরুদ্ধে কোনো ধরনের অপকর্ম বা অনিয়মের যথেষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেনি মাস্কের কোম্পানিটি।
সেপ্টেম্বরে দায়ের করা ওই মামলায় দাবি করা হয়েছে, এক্সএআইয়ের সাবেক কর্মীরা তাদের চাকরি ছেড়ে ওপেনএআইতে যোগ দেওয়ার সময় গ্রক চ্যাটবটের সোর্স কোড ও অন্যান্য গোপন তথ্য সঙ্গে করে নিয়ে গেছেন।
পর্যবেক্ষণে বিচারক রিটা লিন বলেছেন, “এ মামলায় খোদ ওপেনএআইয়ের ভূমিকা বা আচরণ নিয়ে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই। এক্সএআই এমন কোনো তথ্য বা প্রমাণ দিতে পারেনি, যা দিয়ে বোঝা যায় ওপেনএআই ওই কর্মীদের গোপন তথ্য চুরিতে প্ররোচিত করেছিল বা কর্মীরা কোম্পানিটিতে যোগ দেওয়ার পর সেই চুরি করা তথ্যগুলো সেখানে ব্যবহার করেছেন।”
এ মামলার জানুয়ারিতে এক পর্যবেক্ষণে বিচারক লিন আগেই ইঙ্গিত দিয়েছিলেন, রায় সম্ভবত ওপেনএআইয়ের পক্ষেই যাবে। এক্সএআইয়ের বিভিন্ন অভিযোগ সংশোধন করে পুনরায় জমা দেওয়ার জন্য ১৭ মার্চ পর্যন্ত সময় দিয়েছে আদালত।
আলাদা আরেক মামলায় এক্সএআই তাদের সাবেক ইঞ্জিনিয়ার শুচেন লি’র বিরুদ্ধে অভিযোগ তুলেছে। কোম্পানিটি বলছে, চ্যাটজিপিটি নির্মাতাদের কাছে ব্যবসায়িক গোপন তথ্য পাচার করেছেন তিনি।
মঙ্গলবারের এ সিদ্ধান্তের বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি এক্সএআইয়ের মুখপাত্র বা তাদের আইনজীবীরা।
এক বিবৃতিতে ওপেনএআই বলেছে, “আমরা আদালতের এ সিদ্ধান্তকে স্বাগত জানাই। এ ভিত্তিহীন মামলাটি মাস্কের চলমান হয়রানিমূলক অভিযানের অংশ ছাড়া আর কিছুই নয়।”
মাস্ক ও মাইক্রোসফটসমর্থিত ওপেনএআইয়ের মধ্যে চলমান বড় এক আইনি লড়াইয়ের অংশ এ মামলা।
মাস্ক নিজেও ওপেনএআইয়ের অন্যতম সহ প্রতিষ্ঠাতা ছিলেন। বর্তমানে কোম্পানিটির ‘মুনাফাভোগী বা লাভজনক’ কোম্পানিতে রূপান্তর হওয়া নিয়েও মামলা লড়ছেন তিনি।
ওই মামলায় ওপেনএআই ও মাইক্রোসফটের কাছ থেকে প্রায় ১৩ হাজার ৪৫০ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন বিশ্বের শীর্ষ ধনী মাস্ক। সেই মামলার জুরি নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছে আগামী ২৭ এপ্রিল।
আদালতে জমা দেওয়া নথিতে ওপেনএআই দাবি করেছে, এ গোপন তথ্য চুরির মামলাটি আসলে ‘ভিত্তিহীন আইনি অভিযোগের মাধ্যমে একজন প্রতিযোগীকে হয়রানি করার প্রচারণামাত্র’।
কারণ হিসেবে কোম্পানিটি বলেছে, মাস্কের চ্যাটবট গ্রক আদতে চ্যাটজিপিটির সঙ্গে পাল্লা দিয়ে পেরে উঠছে না।
