১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এআই প্রশিক্ষণে আপনার সার্চ ডেটা নেবে গুগল, বন্ধের উপায় কী?

প্রতিটি ব্যবহারকারীকেই স্বয়ংক্রিয়ভাবে এ নিয়মের অন্তর্ভুক্ত করে নিয়েছে গুগল। যার মধ্যে রয়েছে ‘ছবি, ফাইল, অডিও ও ভিডিও রেকর্ডিং’, অর্থাৎ ব্যবহারকারীর প্রায় সবকিছুই।

এআই প্রশিক্ষণে আপনার সার্চ ডেটা নেবে গুগল, বন্ধের উপায় কী?
ব্যবহারকারী কিছু নির্দিষ্ট সেটিংস পরিবর্তন করে এ প্রক্রিয়া থেকে নিজেকে দূরে রাখতে পারেন। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2026, 03:11 PM

Updated : 11 Sep 2026, 03:36 PM

গুগল আবারও একই কাণ্ড ঘটিয়েছে। ব্যবহারকারীদের অজান্তেই তাদের ডেটা সংগ্রহের নীতিমালায় বড় পরিবর্তন এনেছে মার্কিন টেক জায়ান্টটি।

এখন থেকে গুগল লেন্স, ভয়েস সার্চ বা ট্রান্সলেটে ব্যবহারকারীর আপলোড করা ফাইলগুলো কোম্পানিটির বিভিন্ন এআই প্ল্যাটফর্ম প্রশিক্ষণে সরাসরি ব্যবহার করার কথা প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

গুগলের বিভিন্ন সার্চ টুলের মাধ্যমে ব্যবহারকারী যেসব মিডিয়া ফাইল আপলোড করবেন এআই প্রশিক্ষণের উদ্দেশ্যে এখন সেগুলো সংগ্রহ করবে গুগল। যার মধ্যে রয়েছে ‘ছবি, ফাইল, অডিও ও ভিডিও রেকর্ডিং’, অর্থাৎ ব্যবহারকারীর প্রায় সবকিছুই।

যেমন, ব্যবহারকারী যদি গুগলের ভিজুয়াল সার্চ বা লেন্স-এর মাধ্যমে কোনো কিছু খোঁজার জন্য একটি ছবি আপলোড করেন কোম্পানিটি তা নিজের সংগ্রহে নিয়ে নিতে পারবে।

পাশাপাশি, গুগলের ভয়েস সার্চের যে কোনো অডিও রেকর্ড ও গুগল ট্রান্সলেটে আপলোড করা যে কোনো কিছুর ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।

এমনটা কেবল গুগলের সার্চ বা অনুসন্ধান সংক্রান্ত বিভিন্ন পণ্যের জন্য কার্যকর হচ্ছে। ফলে ব্যবহারকারীর ‘গুগল ফটোস’-এর মতো ব্যক্তিগত জিনিসগুলো আপাতত সুরক্ষিত থাকছে।

প্রত্যেক ব্যবহারকারীকেই স্বয়ংক্রিয়ভাবে এ নিয়মের অন্তর্ভুক্ত করে নিয়েছে গুগল। কারণ জেনারেটিভ এআইয়ের বড় ও রাক্ষুসে ক্ষুধা মেটাতে প্রতিনিয়ত প্রচুর ডেটার প্রয়োজন, অথচ পৃথিবীর ডেটার ভাণ্ডার ধীরে ধীরে ফুরিয়ে আসছে।

বন্ধের উপায় কী?

কোনো বহুজাতিক প্রযুক্তি কোম্পানি কারো ব্যক্তিগত ছবি ও ভিডিও ঘেঁটে দেখুক এমনটা অনেকেই পছন্দ করেন না।

স্বয়ংক্রিয়ভাবে চালু হওয়া গুগলের এ ডেটা সংগ্রহের প্রক্রিয়াটি নির্দিষ্ট কিছু সেটিংস পরিবর্তনের মাধ্যমে বন্ধ করার সুযোগ থাকছে।

ব্যবহারকারী কিছু নির্দিষ্ট সেটিং পরিবর্তন করে এ প্রক্রিয়া থেকে নিজেকে দূরে রাখতে পারেন। প্রথমে গুগলের নির্দিষ্ট ‘সার্চ সার্ভিসেস হিস্ট্রি’ পেইজে গিয়ে সেখানে থাকা ‘সেইভ মিডিয়া’ বক্সটির টিক চিহ্ন তুলে দিন।

এরপর ‘সার্চ সার্ভিসেস পার্সোনালাইজেশন’ পেইজে গিয়ে নিশ্চিত করুন যেন সেখানে কোনো কিছু সেইভ বা সংরক্ষিত না হয়। ব্যাস, এতটুকুই কাজ।

পাশাপাশি একটি ছোট ট্রিক হচ্ছে, ব্যবহারকারী নিজের ‘সার্চ কুয়েরি’ বা যা লিখে খুঁজছেন তার আগে একটি মাইনাস চিহ্ন ও এআই (-ai) লিখে সার্চ করলে এআই ওভারভিউ বা এআইয়ের তৈরি বিভিন্ন ফলাফল আসা বন্ধ করতে পারবেন।