Published : 05 Oct 2025, 03:08 PM
৪০ কোটির বেশি ব্যবহারকারী অর্জনের পর থ্রেডস প্ল্যাটফর্মে নতুন এক ফিচার যোগ করছে মেটা। এবার তারা পরীক্ষা করছে ‘কমিউনিটিজ’ নামের একটি ফিচার। এটি নির্দিষ্ট বিষয় বা আগ্রহের উপর ভিত্তি করে আলাদা আলাদা চ্যাটিং স্পেস তৈরি করবে।
মেটার ভাষায়, এটি তাদের কাস্টম ফিড ও টপিক ট্যাগের এক ধরনের উন্নত ভার্সন। এর লক্ষ্য ব্যবহারকারীদের জন্য সহজ ও অনানুষ্ঠানিক জায়গা তৈরি করা, যেখানে তারা বাস্কেটবল বা টিভি শো-এর মতো আগ্রহের বিষয় নিয়ে আলোচনা করতে পারবেন অন্য ভক্তদের সাথে।
প্রযুক্তি সাইট এনগ্যজেট লিখেছে, এরইমধ্যে মেটা একশোটিরও বেশি কমিউনিটি তৈরি করেছে, যেমন ‘এনবিএ থ্রেডস’, ‘বুক থ্রেডস’ এবং ‘টেক থ্রেডস’।
গত কয়েকদিন ধরে অনেক ব্যবহারকারী এই নতুন ফিচার দেখতে পাচ্ছেন এবং এসব স্পেসে যোগ দিচ্ছেন। মেটা বলছে, এসব কমিউনিটির লিডিং ভয়েসরা নীল ব্যাজ পাবেন এবং এটি তাদের প্রোফাইলে দেখানো হবে।
এখন পর্যন্ত কমিউনিটি ফিড দেখতে অনেকটা থ্রেডস-এর টপিক ফিডের মতো হলেও কিছু সূক্ষ্ম পার্থক্য রয়েছে। মেটা বলছে, কমিউনিটি পোস্টগুলোকে বেশি প্রাসঙ্গিকভাবে র্যাংক করা হবে যাতে গুরুত্বপূর্ণ পোস্টগুলো উপরে দেখা যায়।
এ ছাড়া কমিউনিটি ফিডে ব্রাউজ করার সময় কোনো পোস্টে ‘লাইক’ দিলে ব্যবহারকারীরা কাস্টম ইমোজি দেখতে পাবেন, যেমন এনবিএ কমিউনিটিতে লাইক করলে দেখা যাবে বাস্কেটবল ইমোজি।
টুইটার ২০২১ সালে একই ধরনের ‘কমিউনিটিজ’ ফিচার চালু করেছিল। এক্স বলেছিল, গত বছর এই ফিচারে ব্যবহারকারীদের সক্রিয় মিনিট চারশ ৯৫ শতাংশ বেড়েছে।
এই নতুন উদ্যোগ থ্রেডসকে আরও সুসংগঠিত করতে পারে। এতদিন ব্যবহারকারীরা অভিযোগ করেছেন, থ্রেডসের অ্যালগরিদম অনেক এলোমেলোভাবে পোস্ট সাজেস্ট করে। এখন থেকে ব্যবহারকারীরা যে কমিউনিটিতে যোগ দেবেন, তার ভিত্তিতেই তাদের মেইন ফিডে কনটেন্ট সাজেস্ট করা হবে। ফলে যত বেশি কমিউনিটিতে যোগ দেওয়া হবে, তত বেশি নির্ভুল হবে থ্রেডসের রেকমেন্ডেশন সিস্টেম।