Published : 17 Dec 2025, 02:18 PM
আগামী বছরের শুরু থেকে ডার্ক ওয়েব রিপোর্ট পাঠানো বন্ধ করবে গুগল। কারণ নিজেদের ডার্ক ওয়েব মনিটরিং টুল বন্ধ করে দিচ্ছে মার্কিন সার্চ জায়ান্টটি। এ সেবাটি বিনামূল্যের ছিল।
এই নিরাপত্তা টুলের মাধ্যমে নিজেদের নাম, ইমেইল, ফোন নম্বরের মতো ব্যক্তিগত তথ্য ইন্টারনেটের ডার্ক ওয়েব বা অন্ধকার অংশে ফাঁস হয়েছে কি না তা জানতে পারতেন ব্যবহারকারীরা।
আগে টুলটি কেবল গুগলের পেইড সাবস্ক্রাইবাররা ব্যবহার করতে পারতেন। তবে ২০২৪ থেকে টুলটি সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করেছিল গুগল। টুলটি চালু থাকলে ইন্টারনেটে কারো নাম, ইমেইল ঠিকানা ও ফোন নম্বর ফাঁস হলে সাধারণত ডেটা লঙ্ঘনের কারণে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেতেন ব্যবহারকারীরা।
আগামী বছরের শুরু থেকে টুলটি পুরোপুরি বন্ধ করে দেওয়ার ফলে আর কেউ এই টুলের নোটিফিকেশন পাবেন না বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট।
ডার্ক ওয়েবে রিপোর্ট বন্ধের কারণ হিসেবে এক ইমেল ঘোষণায় গুগল বলেছে, “ফিডব্যাক থেকে আমরা জেনেছি, পরবর্তী করণীয় সম্পর্কে সহায়ক নির্দেশনা দেয় না এই টুল। রিপোর্টটি কেবল আপনাকে জানায় যে আপনার তথ্য ডার্ক ওয়েবে এসেছে। আপনি আপনার গুগল অ্যাকাউন্টে সব রিপোর্টের লিস্টও দেখতে পারেন এবং কোন ডেটা লঙ্ঘনে কোন তথ্য ফাঁস হয়েছে তা জানতে পারেন। তবে এটি আপনাকে পরে কী করতে হবে সে সম্পর্কে কোনো নির্দেশনা দেয় না।”
কোম্পানিটি বলেছে, এমন বিভিন্ন টুল তৈরিতে মনোযোগ দেবে তারা, যা ব্যবহারকারীদের জন্য স্পষ্ট ও কার্যকরভাবে পরবর্তী পদক্ষেপ দেখাতে পারে। ২০২৬ সালের ১৫ জানুয়ারি থেকে নতুন ডার্ক ওয়েব ফলাফল মনিটর করা বন্ধ এবং ১৬ ফেব্রুয়ারি থেকে অ্যাকাউন্টে রিপোর্টে প্রবেশাধিকার সরিয়ে দেবে গুগল।
তবে ব্যবহারকারীরা চাইলে এখনই টুলটির অফিসিয়াল পেইজের ‘রেজাল্টস উইথ ইয়োর ইনফো’ বিভাগে গিয়ে এখনই আপনার মনিটরিং প্রোফাইলটি মুছে ফেলতে পারেন।