২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরবর্তী প্রজন্মের এআই মডেল চালু করল ডিপসিক

ফিচারটি কেবল সেসব তথ্যকেই গুরুত্ব দেয় যেগুলো নির্দিষ্ট কাজের জন্য প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ। ফলে এটি আরও দ্রুত, সক্ষম ও সাশ্রয়ী উপায়ে কাজ করতে পারে।

পরবর্তী প্রজন্মের এআই মডেল চালু করল ডিপসিক
গত বছর কোনো ঘোষণা ছাড়াই নিজেদের প্রথম মডেল ‘আর ১’ বাজারে আনে ডিপসিক। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2025, 05:28 PM

Updated : 26 Aug 2026, 02:23 PM

নতুন পরীক্ষামূলক মডেল উন্মোচন করেছে চীনা এআই স্টার্টআপ ডিপসিক, যা কম খরচে বেশি তথ্য কার্যকরভাবে প্রক্রিয়াজাতের সক্ষমতা রাখে বলে দাবি কোম্পানিটির।

এ মডেলে এআইয়ের কর্মসক্ষমতা ও কার্যকারিতা বাড়বে বলে আশা করা হচ্ছে। তবে মডেলের কার্যকারিতা ও নিরাপত্তা নিয়ে এখনও কিছু প্রশ্ন রয়ে গিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি।

গত বছর কোনো ঘোষণা ছাড়াই নিজেদের প্রথম মডেল ‘আর ১’ বাজারে আনে ডিপসিক। ওই সময় তা সিলিকন ভ্যালিতে ব্যাপক আলোড়ন তুলেছিল। মডেলটি প্রমাণ করেছে, তুলনামূলক কম শক্তিশালী চিপ ও সীমিত অর্থ ব্যবহার করেও দ্রুত লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএম’কে প্রশিক্ষণ দেওয়া সম্ভব।

এআই ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম ‘হাগিং ফেইস’-এর পোস্ট অনুসারে, সোমবার নিজেদের বর্তমান ‘ডিপসিক-ভি৩.১-টার্মিনাস’ মডেলের এক পরীক্ষামূলক সংস্করণ উন্মোচন করেছে ডিপসিক, যার নাম ‘ডিপসিক-ভি৩.২-এক্সপ্রেস’। এআই সিস্টেমের সক্ষমতা আরও বাড়ানোর লক্ষ্যে মডেলটিকে আরও উন্নত করেছে স্টার্টআপটি।

‘হাগিং ফেইস’-এর চীনা কমিউনিটি লিড আদিনা ইয়াকেফু বলেছেন, “এআইয়ের সক্ষমতা, খরচ কমানো এবং ওপেন-সোর্সে শেয়ারিংয়ের ওপর জোর দেওয়ার বিষয়টি ধরে রেখেছে ডিপসিক-ভি৩.২। 

“মডেলটিতে রয়েছে ‘ডিপসিক স্পার্স অ্যাটেনশন’ বা ডিএসএ নামের নতুন এক ফিচার, যা এআইকে দীর্ঘ ডকুমেন্ট ও কথোপকথন আরও ভালোভাবে পরিচালনা করতে সাহায্য করবে। পাশাপাশি আগের সংস্করণের তুলনায় এ মডেল চালানোর খরচ অর্ধেক।”

‘ফিউচারাম গ্রুপ’-এর ভাইস প্রেসিডেন্ট ও এআই বিভাগের প্রধান নিক পেশেন্স বলেছেন, “বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ এতে এআইয়ের কার্যক্ষমতায় কোনো ঘাটতি না রেখেই মডেলটি আরও দ্রুত এবং কম খরচে ব্যবহার করা সম্ভব। ফলে শক্তিশালী এআই প্রযুক্তি আরও সহজলভ্য হবে ডেভেলপার, গবেষক ও ছোট ছোট কোম্পানির জন্য, যা নতুন ও উদ্ভাবনী অ্যাপ তৈরির এক নতুন জোয়ার তৈরি করতে পারে।”

এআই মডেলটি নিজের প্রশিক্ষণ ডেটা ও নতুন তথ্য, যেমন প্রম্পটের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়। ধরা যাক একটি প্লেন এ থেকে বি পর্যন্ত যাওয়ার জন্য সবচেয়ে ভালো রুট খুঁজছে। অনেক বিকল্প থাকলেও, সবগুলোই কার্যকর নয়। কম উপযোগী বিভিন্ন রুট বাদ দিলে, যাত্রার জন্য প্রয়োজনীয় সময়, জ্বালানি ও শেষ পর্যন্ত খরচ অনেকটাই কমে যায়। ঠিক এ কাজটিই করে ‘ডিপসিক স্পার্স অ্যাটেনশন’।

ফিচারটি কেবল সেসব তথ্যকেই গুরুত্ব দেয় যেগুলোকে সে নির্দিষ্ট কাজের জন্য প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করে। অন্যদিকে, অন্যান্য বিভিন্ন এআই মডেল সব ধরনের ডেটা একসঙ্গে বিশ্লেষণ করে। ফলে সময় ও খরচ দুটোই বেশি লাগে। নতুন ফিচারের ফলে মডেলটি আরও দ্রুত, সক্ষম ও সাশ্রয়ী দামে কাজ করতে পারে।

নতুন ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড ‘ব্লাংকপেইজ ক্যাপিটাল’-এর সহ-প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং পার্টনার একাতেরিনা আলমাসকু বলেছেন, “বিষয়টি মূলত আপনি এমনসব জিনিস বাদ দিয়ে দেন যেগুলো আপনার কাছে গুরুত্বহীন মনে হয়।”

আরও পড়ুন…

প্রযুক্তিখাতের শেয়ারে ধস নামাচ্ছে, কী এই ডিপসিক

এআই মডেলের নতুন সংস্করণ এনেছে ডিপসিক 

চুপিসারেই নতুন এআই মডেল আনল ডিপসিক

উন্নত সংস্করণের এআই মডেল আনল ডিপসিক

বাজারে ঝড় তোলা ডিপসিক শেষ পর্যন্ত কী করল?