Published : 22 Dec 2025, 01:17 PM
যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোতে বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাটে বিপাকে পড়েছে ওয়েইমোর স্বচালিত গাড়ি। শহরের একাধিক মোড়ে ট্রাফিক লাইট বন্ধ হয়ে যাওয়ার পর মাঝরাস্তায় থেমে থাকতে দেখা যায় এসব রোবোট্যাক্সিকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, গাড়িগুলো হ্যাজার্ড লাইট জ্বালিয়ে দাঁড়িয়ে আছে।
ঘটনার পরপরই ওয়েইমো শহরটিতে তাদের রাইড-হেইলিং সেবা সাময়িকভাবে বন্ধ করে দেয় বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট। কোম্পানির এক মুখপাত্র ইমেইলে বলেছেন, “ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের কারণে স্যান ফ্রান্সিসকো বে এরিয়ায় আমরা সাময়িকভাবে রাইড-হেইলিং সেবা বন্ধ রেখেছি।”
“আমাদের টিম শহর কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। খুব শিগগিরই আবার সেবা চালু করতে পারব বলে আশা করছি।”
বিদ্যুৎ বিভ্রাটের কারণ হিসেবে ধরা হয়েছে প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক কোম্পানির একটি সাবস্টেশনে আগুন লাগার ঘটনা। শনিবার সকালে শুরু হওয়া ওই ঘটনায় প্রায় এক লাখ ৩০ হাজার গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েন। রোববার সকাল নাগাদ প্রায় এক লাখ ১০ হাজার গ্রাহকের সংযোগ ফেরানো গেছে বলে জানায় পিজিঅ্যান্ডই। তবে প্রিসিডিও, রিচমন্ড ডিস্ট্রিক্ট, গোল্ডেন গেইট পার্ক ও শহরতলীর কিছু অংশে তখনও বিদ্যুৎ ছিল না।
ওয়েইমো কেন এই বিদ্যুৎ বিভ্রাটে তাদের গাড়িগুলোকে স্বাভাবিকভাবে চালাতে পারেনি, সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেয়নি। তবে ঘটনাটি ওয়েইমো ড্রাইভিং সিস্টেমের একটি সীমাবদ্ধতা নিয়ে প্রশ্ন তুলতে পারে।
কোম্পানির ওয়েবসাইটে বলা আছে, তাদের স্বচালিত সিস্টেম ট্রাফিক লাইটের রং ও সাময়িক স্টপ সাইনসহ বিভিন্ন সড়ক সংকেতে সাড়া দেয়। ফলে লাইট সম্পূর্ণ অচল থাকলে সিস্টেমটি সিদ্ধান্ত নিতে হিমশিম খেয়েছে কি না, সে প্রশ্নও উঠছে।
এদিকে বিষয়টি নিয়ে স্বভাবসুলভ টিপ্পনি কাটতে ছাড়েননি টেসলার প্রধান ইলন মাস্ক। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, “স্যান ফ্রান্সিসকোর বিদ্যুৎ বিভ্রাটে টেসলা রোবোট্যাক্সি প্রভাবিত হয়নি।”
এই ঘটনা আবারও প্রশ্ন তুলছে, জরুরি পরিস্থিতির বেলায় স্বচালিত গাড়ি কতটা প্রস্তুত। ট্রাফিক লাইট কাজ না করলে কি মানুষের মতো সিদ্ধান্ত নিতে পারবে কৃত্রিম বুদ্ধিমত্তা?