১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জেমিনাইচালিত অ্যাপলের নতুন সিরি আসছে ফেব্রুয়ারিতেই

২০২৪ সালের ডব্লিউডব্লিউডিসি ইভেন্টে ঘোষণা দেওয়ার পর থেকেই নিজেদের পরবর্তী প্রজন্মের সিরি আনার অপেক্ষায় রয়েছে অ্যাপল।

জেমিনাইচালিত অ্যাপলের নতুন সিরি আসছে ফেব্রুয়ারিতেই
জেমিনাই প্রযুক্তিতে চলা এ নতুন সিরি ওপেনএআইয়ের চ্যাটজিপিটির মতো ‘এআই চ্যাটবট’ হিসেবে কাজ করবে। ছবি: অ্যাপল

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2026, 02:20 PM

Updated : 26 Aug 2026, 02:48 PM

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ‘আরও উন্নত সংষ্করণে’ আত্মপ্রকাশ করতে যাচ্ছে অ্যাপলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরি, যা মার্কিন সার্চ জায়ান্ট গুগলের এআই চ্যাটবট জেমিনাইয়ের ছোঁয়ায় আরও আধুনিক হয়ে উঠবে।

মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ প্রতিবেদনে লিখেছে, আগামী ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে নতুন সিরি ঘোষণা করতে চায় অ্যাপল, যেখানে গুগলের সঙ্গে কোম্পানিটির সাম্প্রতিক পার্টনারশিপ প্রদর্শনের পাশাপাশি জেমিনাই প্রযুক্তির সাহায্যে সিরি কী কী করতে পারবে তার নমুনাও দেখা যাবে।

এ ঘোষণার পর নতুন সিরিকে আইওএস ২৬.৪ সংস্করণে যোগ করবে অ্যাপল। ধারণা করা হচ্ছে, আগামী ফেব্রুয়ারিতেই সিরির ‘বিটা টেস্টিং’ বা পরীক্ষামূলক ব্যবহার শুরু এবং মার্চ বা এপ্রিলের শুরুতে তা সাধারণ গ্রাহকদের জন্য চালু করবে আইফোন নির্মাতা।

২০২৪ সালের ডব্লিউডব্লিউডিসি ইভেন্টে ঘোষণা দেওয়ার পর থেকেই নিজেদের পরবর্তী প্রজন্মের সিরি আনার প্রচেষ্টায় রয়েছে অ্যাপল।

গত সপ্তাহে ব্লুমবার্গ প্রতিবেদনে লিখেছিল, জেমিনাই প্রযুক্তিতে চলা এ নতুন সিরি অনেকটা ওপেনএআইয়ের চ্যাটজিপিটির মতো ‘এআই চ্যাটবট’ হিসেবে কাজ করবে।

ব্লুমবার্গ লিখেছে, ফেব্রুয়ারির শেষদিকে সম্ভাব্য ওই প্রদর্শনীর পর কোম্পানিটির বার্ষিক ডেভেলপার কনফারেন্স ২০২৬-এ নতুন সিরি’র জমকালো উদ্বোধন করবে অ্যাপল।

এ প্রকল্পটির বর্তমান কোডনেইম ‘কাম্পোস’। নতুন সিরি ও এর সঙ্গে থাকা জেমিনাইচালিত ‘অ্যাপল ইন্টেলিজেন্স’-এর বিভিন্ন ফিচার আইওএস ২৭, আইপ্যাডওএস ২৭ এবং ম্যাকওএস ২৭-এর সঙ্গে বাজারে আসবে।

এ বছরের গ্রীষ্মেই এসব অপারেটিং সিস্টেমের ‘বিটা ভার্সন’ বা পরীক্ষামূলক সংস্করণ চালু হতে পারে।