১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রোবোটিক্স দুনিয়ার ‘অ্যান্ড্রয়েড’ হতে চাইছে মেটা?

মেটা এমন এক ‘বৈশ্বিক মডেল’ তৈরির কাজ করছে, যা রোবটকে শেখাবে কীভাবে মানুষের হাতের মতো সূক্ষ্ম ও জটিল বিভিন্ন কাজ করতে হয়।

রোবোটিক্স দুনিয়ার ‘অ্যান্ড্রয়েড’ হতে চাইছে মেটা?
অন্যান্য কোম্পানির মতো হার্ডওয়্যার বা যন্ত্রপাতি তৈরির প্রতিযোগিতায় খুব একটা আগ্রহী নয় মেটা। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2025, 01:24 PM

Updated : 26 Aug 2026, 02:23 PM

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম স্মার্টফোন দুনিয়ায় অনেক কোম্পানির জন্যই মূল ভিত্তি হিসেবে কাজ করে। তেমনই রোবটিক্স দুনিয়ায় এমন সিস্টেম তৈরি করতে চাইছে সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা, যা এ প্রযুক্তিতে মূল ভিত্তি হয়ে উঠতে পারে।

মেটা যদি নিজেদের ‘প্রজেক্ট ওরিয়ন’ নামের অগমেন্টেড রিয়ালিটি বা ভিআর স্মার্ট চশমাকে সত্যিকারের একটি পণ্য হিসেবে বাজারজাত করতে পারে, যা মানুষ কিনতে ও ব্যবহার করতে পারবে তবে পরবর্তী টার্গেট হিসেবে সম্ভবত রোবট তৈরির দিকে এগোবে মেটা।

মেটার প্রধান প্রযুক্তি কর্মকর্তা অ্যান্ড্রু বসওয়ার্থের সঙ্গে কথা বলে এমন তথ্য দিয়েছেন সাংবাদিক অ্যালেক্স হিথ। তার প্রতিবেদন বলছে, আইফোন নির্মাতা কোম্পানি অ্যাপল, মার্কিন সার্চ জায়ান্ট গুগল ও ইলন মাস্কের বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা টেসলা যেভাবে রোবটিক্স নিয়ে কাজ করছে মেটাও এখন সেই পথেই এগোচ্ছে।

প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট লিখেছে, অন্যান্য কোম্পানির মতো হার্ডওয়্যার বা যন্ত্রপাতি তৈরির প্রতিযোগিতায় খুব একটা আগ্রহী নয় মেটা। কোম্পানিটি ‘মেটাবট’ নামের এক রোবট তৈরি করেছে, যার লক্ষ্য এমন সফটওয়্যার তৈরি, যা অন্যান্য কোম্পানি লাইসেন্স নিয়ে ব্যবহার করতে পারবে, বিষয়টি ঠিক গুগল যেমন তাদের অ্যান্ড্রয়েড সফটওয়্যারের মাধ্যমে করে তেমনই।

তবে এক্ষেত্রে বসওয়ার্থ বলেছেন, “সফটওয়্যারই এখন সবচেয়ে বড় বাধা”। ফলে কোম্পানিটির আশা, মেটার রোবটিক্স টিম, যার নেতৃত্বে রয়েছেন ‘ক্রুজ’-এর সাবেক সিইও মার্ক হুইটেন এবং তাদের আলোচিত ‘সুপারইন্টেলিজেন্স ল্যাবস’ একসঙ্গে মিলে কাজ করে এ সমস্যার সমাধান বের করতে পারবে।

মেটা এমন এক ‘বৈশ্বিক মডেল’ তৈরির জন্য কাজ করছে, যা রোবটকে শেখাবে কীভাবে মানুষের হাতের মতো সূক্ষ্ম ও জটিল বিভিন্ন কাজ করতে হয়, যাতে রোবটের হাতেও সূক্ষ্ম ও নিখুঁত বিভিন্ন কাজ ভালোভাবে চলতে পারে। ভবিষ্যতে এ প্রযুক্তি দিয়ে আরও কঠিন কাজ রোবটকে শেখানো সম্ভব হবে।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে গুঞ্জন উঠেছিল, মেটা এমন এক রোবট তৈরির দিকে নজর দিচ্ছে, যা ঘরের বিভিন্ন কাজ করবে। যেমন– ঘর পরিষ্কার করা বা জামাকাপড় গোছানোর মতো কাজ। তবে এখনও এসব কিছুই প্রাথমিক পর্যায়ে রয়েছে। বাস্তবে এমন রোবট দেখতে অনেক সময় লাগবে।

তবে রোবট তৈরির কাজ কেবল মেটা একাই করছে না। ঘরের কাজে সাহায্য করবে এমন রোবট তৈরি করছে অ্যাপলও, যা শুরু হবে টেবিলে লাগানো বাহু দিয়ে, এর সঙ্গে থাকবে একটি ডিসপ্লে।

টেসলাও নিয়মিত তাদের অপটিমাস রোবটের বিভিন্ন মডেল সবাইকে দেখিয়ে চলেছে। তবে তা বেশির ভাগ সময়ই নিয়ন্ত্রিত পরিবেশে।

মেটা এখনও পর্যন্ত নিজেদের এআর চশমার মাধ্যমে স্মার্টফোনের জায়গা নেওয়ার লক্ষ্য পূরণ করতে পারেনি। আদৌ এমনটি হবে কি না তা ভবিষ্যৎ বলে দিলেও এখন তাদের বড় বিনিয়োগ হচ্ছে রোবট তৈরিতে।