ব্ল্যাকফোন আনছে প্রাইভেসি-কেন্দ্রিক অ্যাপ স্টোর
বহুল আলোচিত ব্ল্যাকফোনের জন্য আসছে আলাদা ‘প্রাইভেসি-কেন্দ্রিক’ অ্যাপ স্টোর। মঙ্গলবার নতুন এই অ্যাপ স্টোরের পাশাপাশি এই স্মার্টফোনের ‘প্রাইভেটওএস’ অপারেটিং সিস্টেমের একটি নতুন ভার্সনের ঘোষণাও দিয়েছেন ব্ল্যাকফোন নির্মাতারা।
চলতি বছর স্পেইনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে আলোচনায় আসে সুইজারল্যান্ডভিত্তিক দুই প্রযুক্তি প্রতিষ্ঠান সাইলেন্ট সার্কল আর গিকসফোন জোটের তৈরি ব্ল্যাকফোন। নির্মাতারা ব্ল্যাকফোনকে আখ্যা দিয়েছিলেন ‘এনএসএ প্রুফ’ স্মার্টফোন হিসেবে।
প্রযুক্তি বিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, ব্ল্যাকফোনের অ্যাপ স্টোর বিশ্বের প্রথম প্রাইভেসি-কেন্দ্রিক অ্যাপ স্টোর বলে দাবি করেছেন ব্ল্যাকফোন নির্মাতারা।
ব্ল্যাকফোনে ফোন কল বা টেক্সট মেসেজ, কোনো ক্ষেত্রেই এনএসএর মতো সরকার সমর্থিত গোয়েন্দা সংস্থাগুলো আড়ি পাততে পাড়বে না এবং ব্যবহারকারীর ব্যক্তিগত ডেটা নিরাপদ থাকবে বলে দাবি করেছিলেন নির্মাতারা।
ম্যাশএবল জানিয়েছে, প্রাইভেটওএসের নতুন সংস্করণটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার হল ‘স্পেসেস’। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের স্মার্টফোনের সবগুলো অ্যাপের জন্য আলাদা স্যান্ডবক্স তৈরি করতে পারবেন।
ব্ল্যাকফোনের ওয়েবসাইট থেকে কেনা যাবে স্মার্টফোনগুলো, দাম ৬২৯ ডলার। আর ব্ল্যাকফোন অ্যাপ স্টোর চালু হবে ২০১৫ সালের জানুয়ারি থেকে।
