হ্যাকাথনে ১০ সমাধান
৩৬ ঘন্টার ম্যারাথন প্রোগ্রামিং প্রতিযোগিতা জাতীয় হ্যাকাথন থেকে বেরিয়ে এসেছে ১০ গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান। শনিবার ঢাকার ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-তে আয়োজিত হয় এই হ্যাকাথন।
১০ জাতীয় সমস্যার সমাধান দিয়ে হ্যাকাথনে সেরা দল নির্বাচিত হয়েছে ১০টি দল। আর প্রকল্পগুলো বাস্তবায়নে ২০ লাখ টাকার ইনোভেশন ফান্ড দিচ্ছে বাংলাদেশ সরকারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। হ্যাকাথনের মাধ্যমে প্রস্তুতকৃত বিজয়ী সমাধানগুলো হচ্ছে--
ট্রাফিক জ্যাম
আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘গ্রাভিটিবিডি’ দলের সদস্যরা ট্রাফিক জ্যাম সমস্যা সমাধানের মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করেছেন। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে স্মার্টফোনের ক্যামেরার সাহায্যে গন্তব্য স্থানের রাস্তার জ্যামের অবস্থা জানা যাবে। রাস্তায় বেশী জ্যাম থাকলে বিকল্প পথের পরামর্শ পাওয়া যাবে। এ ছাড়াও নির্দিষ্ট স্থান থেকে গন্তব্য স্থান অ্যাপ্লিকেশনে ইনপুট দিলে ঐ পথে চলাচলকারী ব্যক্তিরা অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই তথ্য দেখতে পারবেন এবং চাইলে তাকে লিফট দিতে পারবেন।
সাইক্লোন সেন্টার ম্যানেজমেন্ট
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির ছাত্রদের দল ‘ইউআইইউ অ্যাম্বাসাডর’ সাইক্লোন সেন্টার ম্যানেজমেন্ট নিয়ে একটি মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করেছেন । অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে দেশের সবগুলো সাইক্লোন সেন্টারের দায়িত্বরত ব্যক্তিদের কাছ থেকে তথ্য নিয়ে একটি ডেটাবেইজ তৈরি করা হবে। এই ডেটাবেইজ এর মাধ্যমে দুর্যোগ পরবর্তী কোন সাইক্লোন সেন্টারে বেশী ত্রাণ সহায়তা প্রয়োজন সেই তালিকা তৈরি হবে এবং সে অনুযায়ী সহায়তা প্রদান করা যাবে। এছাড়াও অ্যাপ্লিকেশনে রেজিস্ট্রেশনের মাধ্যমে দূর্যোগ পূর্ববর্তী বিভিন্ন সতর্কতার এস এম এস পাওয়া যাবে।
দূর্নীতি
দুর্নীতি দমনের লক্ষে ব্রাক বিশ্ববিদ্যালয়ের দল ট্রিলিয়ন পিক্সেল একটি অ্যাপ্লিকেশন তৈরি করেছেন। দুর্নীতির আশঙ্কা আছে এমন যে কোনো স্থানে তাদের অ্যাপ্লিকেশনটির নির্দিষ্ট অপশনে প্রেস করলে অ্যাপ্লিকেশনটি অডিও রেকর্ডার হিসাবে কাজ শুরু করবে। এই অডিও ফাইলটি নির্দিষ্ট সার্ভারে জমা হবে এবং কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবেন। অডিও ফাইলটি চাইলে ফেসবুক বা টুইটারে শেয়ার করা যাবে।
যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা
ইউনির্ভাসিটি অফ টেকনোলোজি অ্যান্ড সায়েন্স দলের নির্মিত ‘আপন কথা’ নামক মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারা যাবে। বয়সন্ধিকালে বাবা-মা’র দায়িত্ব, ছেলেদের স্বাস্থ্যগত পরিবর্তন ও করণীয়, মেয়েদের বয়সন্ধিকালে স্বাস্থ্যগত পরিবর্তন ও করণীয়, বিশেষজ্ঞদের পরামর্শ, স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য কমপ্লেক্স-এর ফোন নম্বর ও ঠিকানা এবং বয়সন্ধিকালীন বিভিন্ন শারীরিক সমস্যার ভিডিও পাওয়া যাবে অ্যাপ্লিকেশনটিতে।
অসংক্রামক রোগ
পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি দলের নির্মিত ‘সুস্বাস্থ্য’ নামক অ্যাপ্লিকেশনের মাধ্যমে জনগনের মধ্যে স্বাস্থ্য সচেতনাতা বৃদ্ধি করা সম্ভব হবে বলে দাবি নির্মাতাদের। অ্যাপ্লিকেশনটির মাধ্যমে হৃদরোগ, ক্যান্সার, শ্বাসরোগ, ইত্যাদি জটিল রোগর লক্ষণ, কারণ, প্রতিকার, প্রতিরোধ সম্পর্কে জানা যাবে। বিভিন্ন লক্ষণ ইনপুট দিয়ে রোগ আছে কিনা অথবা রোগের আশঙ্কা সম্পর্কে জানা যাবে। ওষুধবিষয়ক সহায়তা এবং মিনি প্রেসক্রিপশন পাওয়া যাবে। ফিজিক্যাল ডিভাইস দিয়ে ডায়াগোনেস্টিক রেজাল্ট ইনপুট দিলে মেডিকেল সাজেশন পাওয়া যাবে। জরুরী নম্বরে প্রেস করলে জিও লোকেশনসহ ইমার্জেন্সি কন্টাক্ট নম্বরে ফোন চলে যাবে স্বয়ংক্রিয়ভাবে।
স্বাস্থ্যসম্মত আচরণগত পরিবর্তন
ব্রাক বিশ্ববিদ্যালয় দলের তৈরি ‘স্বাস্থ্যকথা’ নামের অ্যাপ্লিকেশনের মাধ্যমে স্বাস্থ্যসম্মত আচরণগত বিভিন্ন পরিবর্তনের ও বিভিন্ন সমস্যার সমাধানের চিত্র পাওয়া যাবে। দুইধাপে অ্যাপ্লিকেশনটি কাজ করবে। রোগে আক্রান্ত যে কেউ তার রোগমুক্তির উপায় জানতে পারবেন এখান থেকে। আবার রোগে আক্রান্ত নয় কিন্তু লক্ষণ দেথা যাচ্ছে এমন ক্ষেত্রে লক্ষণগুলো ইনপুট দিলে ফলাফল পাওয়া যাবে এবং করণীয় সম্পর্কে পরামর্শ পাওয়া যাবে।
নিরাপদ নৌ-পরিবহন
নিরাপদ নৌ পরিবহন ব্যবস্থা নিশ্চিতকরণের লক্ষ্যে উদ্ভাবিত অ্যাপ্লিকেশন ওয়াটার ট্রান্সপোর্ট সেফটি। এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে যাত্রী লঞ্চের তালিকা থেকে নির্দিষ্ট লঞ্চটি নির্বাচন করলে তার ফিটনেস রিপোর্ট দেখতে পাবেন। সঙ্গে নির্দিষ্ট দিন এবং সময়ে যাত্রী তার গন্তব্যস্থলটি ইনপুট করে সে দিনের আবহাওয়া এবং সে নৌপথ সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারবেন। কেন্দ্রীয় ডাটাবেজে নৌ কর্তৃপক্ষ নৌপথ সংক্রান্ত সর্বশেষ পরিস্থিতি আপডেট রাখবে। পাশাপাশি কোনো জরুরী পরিস্থিতি তৈরি হলে হট কি প্রেস করে জরুরী যোগাযোগ সম্পাদন করা যাবে। অ্যাপ্লিকেশনটি নির্মাণ করেছে ‘ব্রেইন স্টেশন ২৩’।
প্রশ্নপত্র ফাঁস
‘দ্য গার্ড’অ্যাপ্লিকেশনটির মাধ্যমে জেএসসি/ পিএসসি/ এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীগণকে স্বতন্ত্র কিউআর কোডের ভিত্তিতে সনাক্ত করা যাবে। এর ফলে একজনের পরীক্ষা অন্য কেউ দিয়ে দিতে পারবে না। পাশাপাশি শিক্ষকদের কাছে রাখা ডিভাইসের মাধ্যমে ব্লুটুথ, ওয়াইফাই এবং মোবাইল ডিভাইস ট্র্যাক করা যাবে। পরীক্ষা চলাকালে কোনো অনৈতিক আচরণ ধরা পড়লে তা সঙ্গে সঙ্গে শিক্ষকের মোবাইলে প্রদর্শিত হবে। অ্যাপ্লিকেশনটি বানিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।
যৌন হয়রানি
রূপম আইটি লিমিটেডের (এমএএসটি) নির্মিত ডাক এ্যাপ্লিকেশনটির মাধ্যমে একজন গ্রাহক জরুরী যোগাযোগের নম্বরসমূহ ইনপুট করে রাখতে পারবেন। পাশাপাশি কোনো বিপদের আশঙ্কা থাকলে হট কি প্রেস করে একটি ‘ফেইক কল’করতে পারবেন। এছাড়া ইমার্জেন্সি বাটন প্রেস করলে আশপাশের অ্যাপ ইউজাররা বিপদাপন্ন ব্যবহারকারীর জিও লোকেশনসহ একটি অ্যালার্ট মেসেজ পাবেন। এ ছাড়াও অ্যাপ্লিকেশনটিতে বিভিন্ন সেবাপ্রদানকারী এজেন্সি এবং পুলিশের নাম্বার পাওয়া যাবে।
সড়ক নিরাপত্তা
মোবিওম্যান নির্মিত এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে জরুরী অবস্থায় আইন প্রয়োগকারী সংস্থা এবং হাসপাতালগুলোতে ইমার্জেন্সি সাহায্যের জন্য আবেদন করা যাবে। অ্যাপ্লিকেশনটির মাধ্যমে জিআইএস লোকেশনসহ প্রয়োজনীয় তথ্যসমূহ সবচেয়ে কাছাকাছি থাকা সেবা প্রদানকারী সংস্থার কাছে পৌঁছে দেয়া যাবে। এ ছাড়াও বিপদগ্রস্থ ব্যক্তি জরুরী মূহুর্তে প্রাথমিক চিকিৎসার নির্দেশনা পাবেন।
হ্যাকাথনের সমাপনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন আহমেদ, একই বিভাগের যুগ্ম সচিব শ্যামা প্রসাদ ব্যাপারী। বিশেষ অতিথি ছিলেন ইন্সটিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর সভাপতি ইঞ্জিনিয়ার একেএমএ হামিদ এবং ওয়াইম্যাক্স আইএসপি কিউবির সিইও ডিএস ফয়সাল হায়দার। আরও উপস্থিত ছিলেন ইএটিএল ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান, বিডি ভেঞ্চার লি. এর ব্যবস্থাপনা পরিচালক শওকত হোসাইন এবং প্রকল্প পরিচালক মিনা মাসুদ উজ জামান।
জনগনের মতামত ও বিশেষজ্ঞদের গবেষণায় এই হ্যাকাথনের জন্য ১০টি জাতীয় সমস্যা চিহ্নিত করা হয়। সম্মেলনে এক হাজার ৭০০ প্রোগ্রামার, ফ্রিল্যান্সার, শিক্ষার্থী, অ্যাপনির্মাতা ৩৪০টি টিমে বিভক্ত হয়ে অংশ নেন। পাশাপাশি ৪৯টি পেশাদার প্রতিষ্ঠানও অংশ নেয়।
