২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৭ ডলারে স্মার্টওয়াচ!

৭ ডলার দামের স্মার্টওয়াচ তৈরি করছে চীনের স্টার্টআপ প্রতিষ্ঠান ফাস্টফক্স। সহজ সফটওয়্যার আর তুলনামূলক কম হার্ডওয়্যার ব্যবহারের ফলে স্মার্টওয়াচটি দামে এত কম বলে জানিয়েছে নির্মাতারা।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2014, 06:03 PM

Updated : 22 Aug 2022, 08:02 PM

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, নিজেদের স্মার্টওয়াচগুলো অস্ট্রেলিয়ায় বাজারজাত করার জন্য ক্রাউডফান্ডিং সাইট ‘পজিবল’-এর সহায়তা নিয়েছে ফাস্টফক্স।

স্মার্টওয়াচগুলো পানি নিরোধী আর এর ব্যাটারি ৪ থেকে ৬ মাস চলবে বলে জানিয়েছে ফাস্টফক্স। ডিভাইসটির নিজস্ব অ্যাপ নজর রাখবে ব্যবহারকারী কতদূর হাঁটছেন বা দৌঁড়াচ্ছেন, দৈনিক কত ক্যালোরি গ্রহণ করছেন, কতক্ষণ ঘুমাচ্ছেন এমন বিষয়গুলোর উপর নজর রাখবে ফাস্টফক্স স্মার্টওয়াচের নিজস্ব অ্যাপ।

ব্লুটুথের মাধ্যমে আইফোন আর অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবে এটি। মিসডকল এলে জ্বলে উঠবে স্মার্টওয়াচটির ডায়াল। বন্ধুদের সঙ্গে ডেটা শেয়ার করার জন্য সোশাল মিডিয়াও অ্যাকসেস করতে পারবে এই ডিভাইস।

পজিবলে ক্রাউডফান্ডিং ক্যাম্পেইনের মাধ্যমে একশ স্মার্টওয়াচ ৭ ডলার দামে বিক্রি করেছে প্রতিষ্ঠানটি। এখনও ৮ ডলার দামে কালো রঙের ফাস্টফক্স স্মার্টওয়াচ কিনতে পারবেন আগ্রহী ক্রেতারা। আর ৯ ডলার খরচ করে নিজের পছন্দের রং আর ডিজাইনে স্মার্টওয়াচগুলো কেনা যাবে।

ফাস্টফক্সের ক্রাউডফান্ডিং ক্যাম্পেইনে সর্বোচ্চ অনুদানের সীমা ৬৮৪ ডলার। এতে একসঙ্গে নিজের পছন্দের রঙের একশ স্মার্টওয়াচ পাবেন অনুদানকারী। ২৪ ডিসেম্বর শেষ হবে এই ক্যাম্পেইন। এখন পর্যন্ত ৫২৯ জন সমর্থকের কাছ থেকে ৭ হাজার দুইশ ডলারের অনুদান পেয়েছে প্রতিষ্ঠানটি।

লক্ষ করার ব্যাপার হচ্ছে অ্যাপল, স্যামসাং এবং মটোরোলার মতো শীর্ষ প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলোর তৈরি স্মার্টওয়াচের দাম ১৯৯ ডলার থেকে ৩৪৯ ডলারের মধ্যে।