ইউরোপে গাড়ির জন্য নতুন ‘ইকল’ প্রযুক্তি
২০১৮ সালের মার্চ মাস থেকে সব নতুন গাড়িতে ‘ইকল’ নামের নতুন ইমার্জেন্সি কল সিস্টেম ইনস্টল করার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপিয়ান পার্লামেন্ট। দূর্ঘটনার শিকার হলে স্বয়ংক্রিয় ভাবে জরুরী সেবাদাতা সংস্থাগুলোকে জানিয়ে দিবে ‘ইকল’ সার্ভিস।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন এই সেবার সাহায্যে দূর্ঘটনার ক্ষেত্রে জরুরী সেবাদাতা সংস্থাগুলোর সাড়া দেওয়ার সময় অর্ধেকে নেমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্ট গবেষকরা।
ইউরোপিয়ান সংসদে এই প্রযুক্তির ব্যবহার সম্পর্কে ২০১২ সালে প্রস্তাব করা হলেও নানা কারণে দেরি হয়েছে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। সমালোচকরা প্রশ্ন তুলেছিলেন এই প্রযুক্তিতে ব্যক্তিগত তথ্যের নিরপত্তা অটুট থাকবে কি না সে বিষয়েও। নতুন আইনের অধীনে কোন ধরণের গাড়ি দূর্ঘটনার শিকার হয়েছে, কী পরিমাণ জ্বালানী খরচ হয়েছে, দূর্ঘটনার সময় ও স্থান এই তথ্যগুলো সংগ্রহ করবে ইকল সিস্টেম।
এ ব্যাপারে ইউরোপিয়ান ট্রান্সপোর্ট সেফটি কাউন্সিলের নির্বাহী পরিচালক অান্তোনিও আভেনোসো বলেন, “জীবন বাঁচানোর জন্য দূর্ঘটনাস্থলে জরুরী সেবাদাতা সংস্থাগুলোর দ্রুত পৌঁছানো খুবই জরুরী। এই প্রযুক্তি জীবন বাঁচাবে।”
