‘ক্যাপচা’-ও নিরাপদ নয়!
‘কমপ্লিটলি অটোমেটেড পাবলিক টিউরিং টেস্ট টু টেল কম্পিউটার্স অ্যান্ড হিউম্যান অ্যাপার্ট’ বা ক্যাপচা পড়তে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই কম্পিউটার)। গুগলের এক গবেষণা থেকে পাওয়া তথ্য অনুযায়ী ৯৯.৮ শতাংশ ক্যাপচা সঠিকভাবে পড়তে পারে এআই কম্পিউটার।
স্প্যাম ঠেকানোর জন্য বিভিন্ন ওয়েবসাইটে ব্যবহার করা হয় ক্যাপচা, যাতে থাকে এলোমেলো করে সাজানো ও অদ্ভুতভাবে লেখা অক্ষর। কোনো স্বয়ংক্রিয় কম্পিউটার সিস্টেম নয় কেবল একজন মানুষই অক্ষরগুলো পড়তে পারবে--ক্যাপচার পেছনের মূল ধারণা ছিল এমনই।
সোজা কথায় বলতে গেলে কম্পিউটার সিস্টেমকে চিহ্নিত করতে যে পরীক্ষা, সেটাই এখন অনায়াসে পাস করে যাচ্ছে এআই কম্পিউটার। এমন প্রেক্ষাপটে, যন্ত্র এক সময় মানুষের মতো বুদ্ধিমান হবে বলে আধুনিক কম্পিউটারের জনক অ্যালান টিউরিং যে ভবিষ্যৎবাণী করেছিলেন সেটি সত্যি হচ্ছে বলে মন্তব্য করেছে এবিসি নিউজ।
১৯৫০ সালে যন্ত্র চিন্তা করতে পারে কি-না তা নির্ধারণ করার জন্য বিশেষ ‘পরীক্ষা ব্যবস্থা’ তৈরি করেছিলেন অ্যালান টিউরিং যা টিউরিং টেস্টে নামে বহুল পরিচিত। চলতি বছরেই জুন মাসেই ১৩ বছর বয়সী এক কিশোরের ছদ্মবেশ নিয়ে টিউরিং টেস্ট পাস করে করেছে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন কম্পিউটার।
