২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতে সাক্ষী প্রয়াত স্টিভ জবস!

প্রায় এক দশকের পুরনো মামলায় প্রমাণ হিসেবে আসছে প্রয়াত স্টিথ জবসের অপ্রকাশিত এক ভিডিও। টেক জায়ান্ট অ্যাপলের বিরুদ্ধে অ্যান্ট্রিট্রাস্ট আইনে মামলাটি করা হয়েছিল ২০০৫ সালে।

মামুনুর রশীদ শিশির

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2014, 12:34 PM

Updated : 22 Aug 2022, 08:01 PM

মামলায় অ্যাপলের বিরুদ্ধে অভিযোগ, আইপডের জন্য তৈরি নিজস্ব সফটওয়্যারের মাধ্যমে অন্যান্য প্রতিযোগী ডিজিটাল মিউজিক ডাউনলোড সার্ভিসগুলোর বাণিজ্যিক অগ্রগতি আটকে দেয় অ্যাপল। ক্রেতারা একরকম বাধ্য হন বেশি দাম দিয়ে আইপড কিনতে এবং নির্ভরশীল হয়ে পড়েন অ্যাপলের আইটিউনসের উপর।

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, দোষী প্রমাণিত হলে ৩৫ কোটি ডলার জরিমানা দিতে হতে পারে অ্যাপলকে। তবে এই বিপুল পরিমাণ জরিমানা অ্যাপলের আর্থিক অবস্থার উপর কোনো প্রভাবও ফেলবে না বলে মন্তব্য করেছে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল। এখন দেখার বিষয় হল, কি আছে স্টিভ জবসের ওই ভিডিওতে।

বাদিপক্ষের হয়ে মামলাটি পরিচালনা করছে রবিনস গেলার রাডম্যান অ্যান্ড ডড নামক একটি আইন প্রতিষ্ঠান। এই পক্ষের আইনজীবি বনি সুইনি নিউ ইয়র্ক টাইমসকে বলেন, “আমরা এমন কিছু প্রমাণাদি উপস্থাপন করব যা প্রমাণ করবে যে প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোকে দমাতে পদক্ষেপ নিয়েছিল অ্যাপল। ক্ষতি করেছে প্রতিযোগীদের ও ব্যবহারকারীদের।”

তিনি আরও জানান, “ভিডিওটি সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করার কোনো পরিকল্পনা নেই আমাদের। তবে আদালতে সবার সামনে ভিডিওটি দেখানো হতে পারে।”