বিটকয়েনকে এইচএসবিসির ‘না’
বিশ্বের প্রথম নিয়ন্ত্রিত বিটকয়েন বিনিয়োগ তহবিল ও সেটির নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের ইতি টেনেছে এইচএসবিসি ব্যাংক। ভার্চুয়াল কারেন্সি বিটকয়েন সংক্রান্ত অর্থ পাচার ঝুঁকি এড়াতেই ব্যাংকটি এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে জার্সিভিত্তিক প্রতিষ্ঠান গ্লোবাল অ্যাডভাইজার্স বিটকয়েন ইনভেস্টমেন্ট ফান্ড (জিএবিআই)।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এইচএসবিসি ব্যাংকের এই পদক্ষেপে ঝুঁকির মুখে পরতে পারে জিএবিআইয়ের ডিজিটাল মুদ্রা লেনেদেনের আন্তর্জাতিক কেন্দ্রে পরিনত হওয়ার পরিকল্পনা।
জিএ’র ড্যানিয়েল মাস্টার্স দাবি করেছেন, তার প্রতিষ্ঠান ও বিটকয়েন তহবিল দুটিই কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। চলতি বছরের অগাস্টে ফিনান্সিয়াল সার্ভিসেস কমিশনের অনুমোদন পাওয়ার পর ‘গ্লোবাল অ্যাডভাইসর্স বিটকয়েন ইনভেস্টমেন্ট ফান্ড’ প্রতিষ্ঠা করেন মাস্টার্স।
অন্যদিকে এইচএসবিসির এক মুখপাত্র জানিয়েছেন, পোর্টফোলিও পর্যালোচনা করার সময় তারা এমন কিছু বিষয় চিহ্নিত করেছেন যা তাদের কৌশলগত মানদণ্ডের পরিপন্থী।
