একশ’ বাংলাদেশি গ্র্যাজুয়েটকে প্রশিক্ষণ দেবে ইনফোসিস
বাংলাদেশে একশ’ কম্পিউটার সায়েন্স ও আইটি গ্র্যাজুয়েটকে প্রশিক্ষণ দেবে ভারতীয় প্রতিষ্ঠান ইনফোসিস টেকনোলজিস লিমিটেড। ‘সাপোর্ট টু ডেভেলপমেন্ট অব কালিয়াকৈর হাই-টেক পার্ক’ প্রকল্পের মাধ্যমে এই প্রশিক্ষণের সুযোগ পাচ্ছেন প্রশিক্ষণার্থীরা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তদানীন্তন সচিব নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইনফোসিস টেকনোলজিস লি. সফর করে। ওই সফরের শুভেচ্ছার নিদর্শন হিসেবে বাংলাদেশি একশ’ আইটি গ্র্যাজুয়েটকে প্রশিক্ষণ দিতে সম্মত হয় ইনফোসিস।
ভারতের কর্ণাটক রাজ্যের মহিশুরে অবস্থিত ইনফোসিস টেকনোলজিস লি.-এর ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে এই প্রশিক্ষণ। প্রশিক্ষণার্থীদের বাছাইয়ের জন্য প্রাথমিক অবস্থায় সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। প্রাপ্ত আবেদনপত্রের মধ্যে বিভিন্ন যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন করা হয়েছে একশ’ প্রশিক্ষণার্থীকে। নির্বাচিত ১০০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে ৯০ জন গ্রাজুয়েট ও বাকি ১০ জন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
জাভা ল্যাংগুয়েজের উপর এই প্রশিক্ষণটি শুরু হবে ২০১৫ সালের ১২ জানুয়ারি থেকে, চলবে ২৪ মার্চ পর্যন্ত।
এই উপলক্ষে ১৫ নভেম্বর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) অডিটরিয়ামে দিনব্যাপী একটি কর্মশালার আয়োজন করা হয়। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক (কারিগরি) মো. এমদাদুল হক, সাপোর্ট টু ডেভেলপমেন্ট অব কালিয়াকৈর হাই-টেক পার্ক প্রকল্পের পরিচালক এএনএম সফিকুল ইসলাম।
এই প্রশিক্ষণের মাধ্যমে জাভা প্রোগ্রামিংয়ের উপর বিশ্বমানের জনবল পাওয়া যাবে বলে কর্মশালায় মন্তব্য করেন বক্তরা। এই দেশের জনবল আইটি/ আইটিইএস এবং হাই-টেক পার্কে কাজ করবে।
প্রশিক্ষণের খরচ বহন করছে ইনফোসিস টেকনোলজিস লি.। এছাড়াও প্রশিক্ষণার্থীদের বিনামূল্যে আবাসনের ব্যবস্থা করবে প্রতিষ্ঠানটি। অন্যান্য ব্যয় বহন করবে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সাপোর্ট টু ডেভেলপমেন্ট অব কালিয়াকৈর প্রকল্প।
