২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এল থ্রিডি প্রিন্টেড বন্দুকের গুলি

থ্রিডি প্রিন্টারে তৈরি আগ্নেয়াস্ত্রের জন্য বিশেষ ধরনের গুলি উদ্ভাবন করেছেন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়াবাসী ২৫ বছরের তরুণ মাইকেল ক্রাম্বলিং। এ ধরনের আগ্নেয়াস্ত্রের উৎপাদন একেবারেই সহজ হলেও সঠিক ডিজাইনের গুলির অভাবে এগুলোর কার্যকর ব্যবহার ছিল ‘প্রায় অসম্ভব’। কিন্তু ক্রাম্বলিংয়ের এই উদ্ভাবন সেই দৃশ্যপট  পাল্টে দিতে পারে।   

মামুনুর রশীদ শিশির

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2014, 06:05 PM

Updated : 22 Aug 2022, 07:50 PM

থ্রিডি প্রিন্টারে তৈরি ছোট আগ্নেয়াস্ত্রের কারণে আইন-শৃঙ্খলা রক্ষা ব্যবস্থার অবনতি হতে পারে, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই আশঙ্কার কথা জানিয়েছিল আগেই। বিশেষ করে সন্ত্রাসীদের হাতে পড়লে আইন-শৃঙ্খলা রক্ষা ব্যবস্থার ব্যাপক অবনতি ঘটাতে পারে এই অস্ত্রগুলো।

এতদিন থ্রিডি প্রিন্টারে তৈরি আগ্নেয়াস্ত্রের সবচেয়ে বড় সীমাবদ্ধতা ছিল এর গুলি। প্লাস্টিকজাতীয় উপাদান দিয়ে তৈরি সিংহভাগ থ্রিডি আগ্নেয়াস্ত্র। বেশিরভাগ ক্ষেত্রেই ধাতব গুলির বিস্ফোরণের চাপ সহ্য করতে না পেরে বিস্ফোরিত হত থ্রিডি প্রিন্টেড আগ্নেয়াস্ত্র। 

থ্রিডি প্রিন্টারে তৈরি আগ্নেয়াস্ত্রে প্রচলিত ধাতব গুলির ব্যবহার, হাতে একটি অস্থিতিশীল গ্রেনেড রাখার মতোই ঝুঁকিপূর্ণ বললেও ভুল হবে না। প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, এই অবস্থার পরিবর্তন আনতেই নতুন ধরনের গুলি উদ্ভাবন করেছেন ক্রাম্বলিং। 

ক্রাম্বলিংয়ের তৈরি গুলির শেল প্রচলিত শেলের তুলনায় লম্বা আর পুরু। শেলের ভিতরে থাকা গান পাউডার বিস্ফোরিত হয়ে যে চাপ সৃষ্টি হয় তা থ্রিডি প্রিন্টারে তৈরি হ্যান্ডগানের ব্যারেলের মধ্যে ছড়িয়ে না পরে গুলির খোসার মধ্যেই আটকে থাকে।  

কিন্তু ক্রাম্বলিংয়ের এই উদ্ভাবনকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন না অনেকেই। এই প্রযুক্তি যতোই সাধারণ মানুষের হাতের নাগালের মধ্যে যাবে, আইন-শৃঙ্খলা রক্ষা ব্যবস্থার ঝুঁকি ততোটাই বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।