২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডার্ক ওয়েবের সাহায্য নিচ্ছে ফেইসবুক

ফেইসবুক ব্যবহারকারীরা যাতে সরাসরি ‘ডার্ক ওয়েব’ খ্যাত টর সেবার মাধ্যমে সামাজিক মাধ্যমটি ব্যবহার করতে পারে সে ব্যবস্থা করেছে ফেইসবুক কর্তৃপক্ষ। আগে থেকেই টর সেবার সাহায্যে ফেইসবুক ব্যবহার করার সুযোগ থাকলেও ফেইসবুক এবার নিজে থেকেই ব্যবস্থাটি চালু করল। এই ব্যবস্থায় ব্যবহারকারীর সব তথ্য এনক্রিপ্টেড অবস্থায় থাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2014, 04:55 PM

Updated : 22 Aug 2022, 07:47 PM

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ফেইসবুকের এ উদ্যোগের ফলে যেসব দেশে সাইটটি ব্লকড, সেসব দেশের ব্যবহারকারীরাও সামাজিক মাধ্যমটির সেবা পাবেন।

চীন, ইরান, উত্তর কোরিয়া ও কিউবার মতো দেশগুলোতে বর্তমানে ফেইসবুক ব্লক করে রাখা হয়েছে। ব্যবহারকারীরা টরের ক্রিপোটাগ্রাফিক নিরাপত্তা বলয়েই সামাজিক মাধ্যমটি ব্যবহার করতে পারবেন বলেই জানিয়েছে ফেইসবুক। বিবিসি’র তথ্য মোতাবেক, সিলিকন ভ্যালি জায়ান্টদের মধ্যে ফেইসবুকই প্রথম আনুষ্ঠানিকভাবে টরকে স্বীকৃতি দিল।

এ প্রসঙ্গে এই প্রকল্পের পরামর্শক ইউনিভার্সিটি কলেজ, লন্ডনের ড. স্টিভেন মার্ডক জানিয়েছেন, যারা নিজেদের অবস্থান ও ব্রাউজিং অভ্যাস সম্পর্কিত ট্র্যাকিং এড়িয়ে সাইটটি ব্যবহার করতে চান, তাদের জন্যই ফেইসবুক এ উদ্যোগ নিয়েছে। আর এর কারণে অবৈধ উদ্দেশ্যে ফেইসবুকের ব্যবহার যে বৃদ্ধি পাবে না সে ব্যাপারেও আশ্বস্ত করেছেন মার্ডক।

তবে টরের সাহায্য নিলেও ব্যবহারকারীকে আসল নাম, পরিচয় ব্যবহার করেই ফেইসবুকে প্রবেশ করতে হবে বলেই জানিয়েছেন মার্ডক।