২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যালেরিয়া ঠেকাতে ড্রোন

সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে সচরাচর ড্রোনের ব্যবহার দেখা গেলেও, এবার তা ব্যবহৃত হচ্ছে ম্যালেরিয়া ঠেকাতে। মালয়েশিয়ায় বোর্নিও দ্বীপের প্রত্যন্ত অঞ্চলে ম্যালেরিয়া রুখতে ড্রোন ব্যবহার করছেন বিশেষজ্ঞরা।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2014, 06:31 PM

Updated : 22 Aug 2022, 07:24 PM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ড্রোন ব্যবহার করে বিশেষ ধরনের ম্যালেরিয়া পরজীবী প্লাজমোডিয়াম নোলেসিস-এর উপস্থিতি আছে এমন অঞ্চলগুলো চিহ্নিত করছেন গবেষকরা।

সাধারণত ম্যাকাকি শ্রেণির বানরের শরীরে সংক্রমণ ঘটায় এই পরজীবীগুলো। এরপর মশার মাধ্যমে তা ছড়ায় মানুষের শরীরে। সাম্প্রতিক বছরগুলোতে বোর্নিও দ্বীপে ম্যালেরিয়ায় মৃত্যুর সংখ্যা বেড়েছে আশঙ্কাজনক হারে।

এই প্রকল্পে কাজ করছেন লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের সংক্রমণ ও নিরাপত্তা বিষয়ের অধ্যাপক ক্রিস ড্র্যাকিলি ও তার সহকর্মীরা। সংক্রমিত এলাকার ডিজিটাল মানচিত্র বানাতে এবং জরিপ চালাতে ১৬ মেগাপিক্সেলের ডিজিটাল ক্যামেরাবাহী ড্রোন ব্যবহার করছেন তারা। একটানা ৫০ মিনিট উড়তে পারে ওই ড্রোন।

ড্রোনগুলো ব্যবহার করে ম্যালেরিয়া পরজীবী সংক্রমিত এলাকার ম্যাপ তৈরির পাশাপাশি, ম্যাকাকি বানররা স্থানীয়দের সংস্পর্শে আসছে এমন জায়গাগুলোও চিহ্নিত করছেন বিজ্ঞানীরা।