অ্যাপলের ইভেন্ট নিয়ে যত প্রত্যাশা
সেপ্টেম্বরের ফ্লিন্ট সেন্টারে আয়োজিত ইভেন্টে নতুন দুই আইফোন আর অ্যাপল ওয়াচ উন্মোচন করে ক্ষান্ত দেয়নি মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। আবারও প্রযুক্তি জগতের রথী মহারথী আর মিডিয়া ব্যক্তিদের দাওয়াত দেওয়া হয়েছে ১৬ অক্টোবরের এক অনুষ্ঠানে। আর এবার কুপার্টিনোর মঞ্চে অভিষেক হবে নতুন আইপ্যাডের; প্রত্যাশা করা হচ্ছে এমনটাই।
মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, বরাবরের মতোই অ্যাপল নতুন পণ্য বা সেবা নিয়ে মুখে কুলুপ এঁটে আছে। তবে বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, অনুষ্ঠানে হার্ডওয়্যার-সফটওয়্যারসহ একাধিক নতুন পণ্য উন্মোচন করবে অ্যাপল।
নতুন ইভেন্ট প্রত্যাশার বড় একটা অংশ জুড়ে আছে আইপ্যাড। ২০১৩ সালের এমন সময়েই নতুন আইপ্যাড এয়ার উন্মোচন করেছিল অ্যাপল। প্রযুক্তি বাজারে জোর গুজব, শুধু নতুন আইপ্যাড নয়, আসছে নতুন ম্যাক কম্পিউটারও।
