মুছে যাচ্ছে থানায় রাখা ফোনের তথ্য
দূরবর্তী স্থান থেকে থানায় প্রমাণ হিসেবে জমা থাকা ডিভাইসের যাবতীয় তথ্য মুছে ফেলার ঘটনা ঘটছে যুক্তরাজ্যে। দূর থেকে ফোনের তথ্য মুছে ফেলার এমন ঘটনা বার্তাসংস্থা বিবিসিকে নিশ্চিত করেছে কেমব্রিজশায়ার, ডার্বিশায়ার, নটিংহাম আর ডারহামের পুলিশ বিভাগ।
এক বছরের মধ্যে স্থানীয় পুলিশের জিম্মায় থাকা ছয়টি ডিভাইসের তথ্য মুছে ফেলার ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের ডরসেট কাউন্টির পুলিশ বিভাগ।
চুরি হওয়া ফোনের তথ্য মুছে ফেলতে যে প্রযুক্তি ব্যবহৃত হয়, সেই একই প্রযুক্তি ব্যবহার করে এ কাজ করা হচ্ছে বলে জানিয়েছে বিবিসি। সিগন্যাল পেলে, দূর থেকেই ডিভাইসের তথ্য মুছে ফেলা সম্ভব বলে নিশ্চিত করেছেন ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ কেন মুনরো।
ডরসেট পুলিশের এক মুখপাত্র বিবিসিকে বলেন, “এরকম ছয়টি ঘটনা ঘটেছে, কিন্তু আমরা এখনো জানি না তারা কিভাবে তথ্য মুছে ফেলছে।”
একই ঘটনার ব্যাপারে নিশ্চিত করেছেন ডার্বিশায়ার পুলিশ বিভাগের এক মুখপাত্র। তবে তদন্তের স্বার্থে এ ব্যাপারে বিবিসিকে বিস্তারিত জানাতে অস্বীকার করেন তিনি। প্রায় একই রকমের ঘটনার শিকার হয়েছে নটিংহ্যাম, কেমব্রিজশায়ার এবং ডারাহামের পুলিশ বিভাগও।
