নগ্ন ছবি: কোটি ডলারের মামলার হুমকিতে গুগল
ইউটিউব এবং ব্লগস্পটের মতো বিভিন্ন জনপ্রিয় সাইট থেকে হলিউডি সেলিব্রেটি অভিনেত্রীদের হ্যাক হওয়া নগ্ন ছবি রিমুভ করতে ব্যর্থতার অভিযোগে গুগলের বিরুদ্ধে ১০ কোটি ডলার ক্ষতিপূরণের মামলা করার হুমকি দিয়েছেন ভুক্তভোগী অভিনেত্রীদের আইনজীবীরা।
ব্রিটিশ সংবাদসংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, সেলিব্রেটিদের ওই নগ্ন ছবিগুলো পুঁজি করে গুগল ‘মিলিয়ন ডলার কামাচ্ছে’ বলে অভিযোগ করেছেন আইজীবীরা।
হলিউডি সেলিব্রেটিদের আইক্লাউড অ্যাকাউন্ট থেকে নগ্ন ও স্পর্শকাতর ছবি ফাঁস হওয়ার ঘটনায় ভুক্তভোগীদের তালিকায় আছেন জেনিফার লরেন্স, কেট আপটন এবং রিহানার মতো ১’শ নারী।
এদের মধ্যে প্রায় ডজনখানেক হলিউডি তারকার আইনি পরামর্শ দিচ্ছে লস অ্যাঞ্জেলসভিত্তিক ওকালতি প্রতিষ্ঠান ‘লেভলি অ্যান্ড সিঙ্গার’। এর সহ-প্রতিষ্ঠাতা মার্টিন সিঙ্গার ‘অনৈতিক আচরণের’ জন্য ক্ষতিপূরণ দাবি করে চিঠি লিখেছেন গুগলের কাছে।
গুগল প্রতিষ্ঠাতা সার্গেই ব্রিন, ল্যারি পেইজ এবং শীর্ষ অবস্থানে থাকা অন্যান্য কর্তাব্যক্তিদের উদ্দেশ্য করে লেখা ওই চিঠিতে গুগল সময়মতো নগ্ন ছবিগুলো ডিলিট করতে ব্যর্থ হয়েছে এবং জেনে শুনে অনৈতিক কাজে বাধা দেয়নি বলে অভিযোগ তুলেছেন সিঙ্গার।
যে ইউটিউব এবং গুগল অ্যাকাউন্ট থেকে ছবিগুলো শেয়ার করা হচ্ছে সেই অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়ার দাবিও করেছেন তিনি।
এ ব্যাপারে এক গুগল মুখপাত্র প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবলকে এক ইমেইলে জানিয়েছেন, “অনুরোধ পাবার কয়েক ঘন্টার মধ্যে আমরা কয়েক হাজার ছবি ডিলিট করেছি। বন্ধ করে দিয়েছি কয়েক হাজার অ্যাকাউন্ট।”
