২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হেইলির ভরসা ‘থ্রিডি-প্রিন্টেড’ হাত

জন্মের সময় বাম হাতের আঙুলগুলোর গঠন অসম্পূর্ণ ছিল হেইলি ফ্রেশারের। খেলনা স্কুটার বা সাইকেল চালানো আর আঁকাআঁকির কাজ করা রীতিমতো কঠিন হয়ে দাঁড়িয়েছিল তার জন্য। পাঁচ বছরের এই স্কটিশ শিশুর ভরসা এখন থ্রিডি-প্রযুক্তি ব্যবহার করে তৈরি কৃত্রিম হাত।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2014, 06:01 PM

Updated : 22 Aug 2022, 07:15 PM

বার্তাসংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাজ্যে থ্রিডি-প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে তৈরি কৃত্রিম অঙ্গের ব্যবহারকারী প্রথম শিশু হেইলি ফ্রেশার। জন্মের সময় বাম হাতের আঙুলগুলোর গঠন থমকে যাওয়ায় পাঁচ বছর বয়সে এসেও দৈনন্দিন কাজে নানা জটিলতার শিকার হচ্ছিল হেইলি। সেই জটিলতার সমাধান করে দিয়েছে মার্কিন স্বেচ্চাসেবক প্রতিষ্ঠান ই-নেবল( E-nable)।

হেইলির এই শারীরিক জটিলতার সমাধানে চিকিৎসকরা অপারেশনের পরামর্শ দিয়েছিলেন বলে জানিয়েছেন তার বাবা-মা। তবে ঝুঁকিপূর্ণ হওয়ায় অপারেশন থেকে বিরত ছিলেন তারা। শেষ পর্যন্ত হেইলির সহযোগিতায় এগিয়ে আসে ই-নেবল। প্রযুক্তিপণ্য ডিজাইনার, আর্টিস্ট থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও আছেন ই-নেবল স্বেচ্ছাসেবকদের দলে।

ই-নেবলের তৈরি কৃত্রিম হাত দিয়েই এখন দৈনন্দিন কাজের সবই করতে পারছে হেইলি। নেইলপলিশ লাগানো আর সাইকেল চালাতেও আর জটিলতায় পরতে হয় না এই ছোট্ট শিশুকে। আর থ্রিডি-প্রিন্টিং প্রযুক্তিতে তৈরি কৃত্রিম হাতটি তৈরিতে খরচ হয়েছে মোটে ৫০ পাউন্ড।