২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেপালে আসছে বিটকয়েন

আন্তর্জাতিক ই-কমার্স প্রতিষ্ঠান পেপালে যোগ হলো ভার্চুয়াল কারেন্সি বিটকয়েনের মাধ্যমে লেনদেনের সুবিধা। বিটকয়েন প্রসেসর বিটপে, কয়েনবেইজ এবং গোকয়েনের সঙ্গে জোট বেঁধে এই সেবা চালু করেছে পেপাল।

মামুনুর রশীদ শিশির

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2014, 06:46 PM

Updated : 22 Aug 2022, 07:11 PM

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, প্রাথমিকভাবে কেবল উত্তর আমেরিকার ডিজিটাল পণ্য বিক্রেতারাই এই সেবা ব্যবহার করার সুযোগ পাবেন। তবে বিটকয়েনের মাধ্যমে লেনদেন প্রক্রিয়ায় পেপাল সরাসরি অংশ নেবে না বলেই জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এ ব্যাপারে পেপালের সিনিয়র ডিরেক্টর অফ কর্পোরেট স্ট্র্যাটেজি স্কট এলিসন এক ব্লগ পোস্টে লিখেছেন, “পেপাল সবসময়ই উদ্ভাবনী শক্তিকে স্বাগত জানিয়ে আসছে। আর গ্রাহকদের লেনদেনের নিরাপত্তা এবং নির্ভরযোগ্যতার নিশ্চিত করেই করা হয়েছে সেটা। বিটকয়েনের ক্ষেত্রেও এর কোনও ব্যতিক্রম হয়নি।”

পেপালের বিটকয়েন লেনদেনের এই সেবা ভার্চুয়াল কারেন্সির ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যভিত্তিক ওয়েবসাইট বিটিবটের প্রতিষ্ঠাতা স্কট গ্রিন। যুক্তরাজ্যের সাইবার জগতে প্রচলিত বিটকয়েনের দাম তুলনার কাজ করে থাকে বিটি বট সাইট।