এল গ্যালাক্সি নোট ৪
বাংলাদেশের বাজারে লেটেস্ট ফ্যাবলেট স্যামসাং নোট ৪-এর ঘোষণা দিল স্যামসাং ইলেকট্রনিক্স লিমিটেড বাংলাদেশ। গ্রামীণফোনের স্টার গ্রাহকদের কম দামে স্যামসাং নোট ৪ স্মার্টফোন প্রি-বুকিংয়ের অফার দিচ্ছে প্রতিষ্ঠানটি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্যামসাং ইলেকট্রনিক্স লিমিটেড বাংলাদেশ জানিয়েছে, গ্রামীণফোন প্লাটিনাম এবং প্লাটিনাম প্লাস গ্রাহকরা সাশ্রয়ী দামে নোট ৪-এর প্রি-বুকিং দিতে পারবেন। অন্য গ্রাহকদের ক্ষেত্রে প্রি-বুকিং অফারে স্মার্টফোনটি দাম হবে ৮০ হাজার টাকা।
২৫ সেপ্টেম্বর, ২০১৪ থেকে এই অফার শুরু হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এই অফারে গ্রামীণফোনের প্লাটিনাম ও প্লাটিনাম প্লাস গ্রাহকরা নোট ৪ কিনতে পারবেন ৬৭ হাজার ৫০০ টাকায়।
নোট ৪ স্মার্টফোনে আছে ৫.৭ ইঞ্চির এইচডি ডিসপ্লে, ১৬ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা এবং ৩.৭ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এছাড়াও আছে এস পেন ব্যবহারের সুবিধা।
অক্টোবর মাসের মাঝামাঝি থেকে নোট ৪ বাংলাদেশের বাজারে কিনতে পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছে স্যামসাং বাংলাদেশ। গ্যালাক্সি নোট ৪ পাওয়া যাবে চারকোল ব্ল্যাক, ফ্রস্ট হোয়াইট, ব্রোঞ্জ গোল্ড এবং ব্লসম পিঙ্ক রঙে।
