ইনটেলের ‘স্মার্ট’ হুইলচেয়ার
শারীরিক প্রতিবন্ধীদের দৈনন্দিন জীবন সহজ করে দিতে অভিনব এক ‘স্মার্ট’ হুইলচেয়ার বানিয়েছে ইনটেল কর্পোরেশন। আর এটি বানাতে মার্কিন চিপ জায়ান্টকে সহযোগিতা করেছেন পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ইনটেলের ‘অ্যানুয়াল ডেভেলপমেন্ট কনফারেন্স’-এ এক ভিডিওর মাধ্যমে স্মার্ট হুইলচেয়ার নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেন হকিং।
আরোহীর রক্তচাপ, হৃদস্পন্দন আর তাপমাত্রার মতো শারীরিক বিষয়গুলো মনিটর করবে এই হুইলচেয়ার। এ ছাড়াও পারিপার্শ্বিক পরিস্থিতি আরোহীর চলাফেরার জন্য কতটা উপযোগী সেটাও জানান দেবে এই ডিভাইস।
উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় হকিং বলেন, “ঔষধ আমাকে সুস্থ করতে পারেনি, তাই আমি প্রযুক্তির উপর নির্ভরশীল। এর মাধ্যমেই আমি বিশ্বের সঙ্গে যোগাযোগ রাখি। প্রযুক্তির মাধ্যমেই আমি আপনাদের উদ্দেশ্যে কথা বলতে পারছি। আমার বেঁচে থাকার জন্য এর কোনো বিকল্প নেই।”
অ্যামিওট্রফিক ল্যাটেরাল স্ক্লোরোসিস (এএলএস)-এর কারণে তিন দশকের বেশি সময় ধরে হুইলচেয়ারনির্ভর হকিং। শরীরের সিংহভাগ পক্ষাঘাতগ্রস্থ এই পদার্থবিজ্ঞানীর, কথা বলেন ‘স্পিচ জেনারেটিভ ডিভাইস’-এর মাধ্যমে।
স্মার্ট হুইলচেয়ার তৈরিতে অপেন-সোর্স হার্ডওয়্যার ও সফটওয়্যার ব্যবহার করেছেন ইনটেলের প্রকৌশলীরা। ফলে নিজের প্রয়োজনমতো এটি কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ পাবেন ব্যবহারকারী।
