২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মোজাং’ যাচ্ছে মাইক্রোসফটে!

মালিকানা হাতবদল হচ্ছে জনপ্রিয় গেইম ‘মাইনক্রাফট’ নির্মাতা ভিডিও গেইম স্টুডিও ‘মোজাং’-এর। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের অধীনে যাচ্ছে সুইডিশ প্রতিষ্ঠানটি।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2014, 05:57 PM

Updated : 22 Aug 2022, 07:05 PM

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মালিকানা পরিবর্তনে লেনেদেনর সঠিক পরিমাণ এখনও গোপন রয়েছে। প্রযুক্তিবিষয়ক বিভিন্ন ব্লগে উল্লেখ করা হয়েছে, মাইক্রোসফট এই লেনদেনের পেছনে ২’শ কোটি ডলারেরও বেশি খরচ করছে।

বিভিন্ন সময়ে একাধিকবার মাইক্রোসফটের কড়া সমালোচনা করেছেন মোজাং প্রতিষ্ঠাতা মার্কাস প্রেসন। উইন্ডোজ ৮ বাজারে আসার আগে, মাইক্রোসফটের সমালোচনা করে প্রেসন বলেছিলেন, “ওপেন প্লাটফর্ম হিসেবে (মাইক্রোসফট) পিসির অস্তিত্বই নষ্ট করতে চাইছে।”

তবে ব্লমবার্গের প্রতিবেদন বলছে ভিন্ন কথা। মালিকানার হাতবদলের প্রস্তাব নিয়ে প্রেসনই নাকি যোগাযোগ করেছিলেন মাইক্রোসফটের সঙ্গে। ওই প্রতিবেদন অনুযায়ী মালিকানা হাতবদলে সাহায্য করবেন প্রেসন। তবে পুরো প্রক্রিয়া শেষ হওয়ার ৬ মাসের মধ্যে মোজাং ত্যাগ করবেন তিনি।

প্রেসন মোজাং ছাড়লেও প্রতিষ্ঠানটির তরুণ ডেভেলপাররা ঠিকই থাকবেন মাইক্রোসফটের অধীনে-- জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। 

এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা থেকে বিরত আছে মাইক্রোসফট আর মোজাং, উভয় প্রতিষ্ঠানই।

ভিডিও গেইমস বাজারে মোজাংয়ের তৈরি মাইনক্রাফটের অভিষেক ২০১১ সালে। অল্প সময়ের ব্যবধানে ভিডিও গেইমসের ইতিহাসে তৃতীয় শীর্ষ বিক্রিত গেইম হিসেবে স্থান করে নিয়েছে মাইনক্রাফট।

জুন মাসের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বব্যাপী মাইনক্রাফটের ৫ কোটি ৪০ লাখ কপি বিক্রি করেছে মোজাং।