২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুগল হ্যাংআউটসে ভয়েস কল

এখন ভয়েস কলের সেবা মিলবে গুগলের ইনস্ট্যান্ট মেসেজিং এবং ভিডিও চ্যাট প্লাটফর্ম ‘গুগল হ্যাংআউটসে’। বুধবার নতুন এই সেবার কথা জানিয়েছে মার্কিন এই ওয়েব জায়ান্ট।

আজমল বশির শিহাব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2014, 05:55 PM

Updated : 22 Aug 2022, 07:05 PM

ল্যাপটপ, অ্যান্ড্রয়েড এবং আইওএস-এই তিন ধরনের ডিভাইস থেকে গুগল হ্যাংআউটসের মাধ্যমে কীভাবে ভয়েস কল করতে হবে সে বিষয়ে বিস্তারিত জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল।

ল্যাপটপ থেকে: ল্যাপটপে গুগল হ্যাংআউটস ওপেন করার পর অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। কন্ট্যাক্ট লিস্টের ডান পাশের উপরে একটি সার্চবার আছে। সার্চবারে ক্লিক করলে ফ্রেন্ডলিস্টের নামগুলো বর্ণানুক্রমে পাওয়া যাবে। আর উপরের ডান কোণায় আছে ফোন আইকন। এখানে ক্লিক করে কন্ট্যাক্টের নাম টাইপ করে বা সরাসরি গুগল ভয়েস নাম্বার অথবা ফোন নাম্বার লিখে কল করা যাবে।

অ্যান্ড্রয়েড থেকে: যে সকল অ্যান্ড্রয়েড ফোনে হ্যাংআউটস অ্যাপ আছে, সেই ফোনগুলোতে ‘হ্যাংআউটস ডায়ালার’ ডাউনলোড করে কল করার অপশনটি চালু করে নিতে হবে। ‘হ্যাংআউটস ডায়ালার’ ওপেন করার পর ডায়ালপ্যাডে নাম্বার টাইপ করে ফোন আইকনে ক্লিক করলেই কল যাবে।

এছাড়া, হ্যাংআউটসে অ্যাকটিভ থাকা অবস্থায় কল করতে চাইলে, হ্যাংআউটস বক্সের ফোন আইকনে ক্লিক করেই সরাসরি ভয়েস কল করা যাবে।

আইওএস থেকে: গুগল হ্যাংআউটস অ্যাপের সর্বশেষ আইওএস ভার্সনে ইতোমধ্যে ভয়েস কলিং অপশনটি যোগ হয়েছে। আইওএস ব্যবহারকারীরা নতুন ভার্সনটি ডাউনলোড করেই এ সুবিধা পেতে পারেন। অ্যাপটি ওপেন করলে নিচের সারিতে ‘কল’ অপশনটি চোখ পরবে সহজেই। ‘কল’ অপশনের উপরের ডান কোণে ডায়ালআপ আইকনের মাধ্যমে নাম্বার ডায়াল করে কল করা যাবে। এছাড়া কন্ট্যাক্ট লিস্ট থেকে যাকে কল করতে চান, তাকে সিলেক্ট করে ফোন আইকনে ক্লিক করেও কল করা যাবে।