২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইওয়াচ উন্মাদনায় নতুন মাত্রা!

প্রযুক্তি বাজারে জোর গুঞ্জন, ৯ সেপ্টেম্বর ফ্লিন্ট সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে অ্যাপল আইফোন সিক্সের পাশাপাশি আইওয়াচ উন্মোচন করবে। ওই অনুষ্ঠানে ফ্যাশন জগতের রথী-মহারথী দাওয়াত পেয়েছেন অ্যাপলের পক্ষ থেকে। আর এতে আইওয়াচ নিয়ে উন্মাদনায় যোগ হয়েছে নতুনমাত্রা।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2014, 08:13 PM

Updated : 22 Aug 2022, 07:03 PM

রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, আইওয়াচই হবে পরিধাণযোগ্য প্রযুক্তি পণ্যের উঠতি বাজারে অ্যাপলের প্রথম ডিভাইস। আর উদ্বোধনী অনুষ্ঠানে ফ্যাশন জগতের শীর্ষ ব্যক্তিদের আমন্ত্রণ জানিয়ে নতুন ক্রেতাদের আকৃষ্ট করতে চাইছে অ্যাপল।

আইওয়াচই হবে টিম কুকের নেতৃত্বে অ্যাপলের প্রথম নতুন পণ্য। প্রথমবারের মতো অ্যাপলের কাছ থেকে নতুন পণ্য উন্মোচনী অনুষ্ঠানে দাওয়াত পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন একাধিক ফ্যাশন ম্যাগাজিনের সম্পাদক। ওই অনুষ্ঠানেই আইওয়াচ উন্মোচন করা হবে বলে আশা করছেন তারাও।

ফ্যাশন জগতের সঙ্গে জোট গড়তে বেশ উঠেপড়ে লেগেছে অ্যাপল। গত দুই বছরে অ্যাপলে যোগ দিয়েছেন ফ্যাশন জগতের একাধিক শীর্ষ ব্যক্তিত্ব। এর মধ্যে আছে ট্যয়গ হিউয়ারের সেলস অ্যান্ড রিটেইল বিভাগের সাবেক ভাইস প্রেসিডেন্ট প্যাটরিক প্রুনিয়াক্স, ব্লুবেরি ইনকর্পোরেটেডের সাবেক সিইও অ্যাঞ্জেলা আরেন্ডস।

শুধু অ্যাপল নয়, পরিধানযোগ্য প্রযুক্তি পণ্য নিয়ে ফ্যাশন জগতের সঙ্গে জোট বাঁধার চেষ্টা করছে গুগল, এলজি এবং ইনটেলের মতো শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও।