প্লে-স্টেশন ৪ খেলতে সনি জেড ৩
প্লে-স্টেশন ৪ এর কনসোলগুলোতে সেট করা যাবে জাপানী টেক জায়ান্ট সনির নতুন স্মার্টফোন ‘এক্সপেরিয়া জেড ৩’। খেলা যাবে গেইমগুলোও।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, সনির নতুন এক্সপেরিয়া জেড ৩, এক্সপেরিয়া জেড ৩ কমপ্যাক্ট ও এক্সপেরিয়া জেড ৩ ট্যাবলেট কমপ্যাক্ট ডিভাইসগুলোতে ব্যবহার করা যাবে ফিচারটি। বাজার বিশেষজ্ঞদের মতে স্মার্টফোনের বিশাল প্রতিযোগিতামূলক বাজারে সনিকে একধাপ এগিয়ে রাখতে সাহায্য করবে এই ফিচারটি। তবে ফিচারটি হ্যান্ডসেটটির বিক্রির উপর বড় ধরনের প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছে বিবিসি।
হ্যান্ডসেটটিকে প্লে-স্টেশন ৪ কনসোলের সঙ্গে লাগানোর প্রয়োজন হবে বিশেষ ধরনের মাউন্ট, নভেম্বরে এই মাউন্টগুলো বাজারে ছাড়বে সনি। আর কনসোলের সঙ্গে সংযোগ স্থাপন করতে প্রয়োজন হবে ওয়াই-ফাই কানেকশন। নতুন এই ফিচারটি সনির স্মার্টফোন ও প্লে-স্টেশনের ক্রেতাদের একত্রিত করবে বলে আশা করছে সনি কর্পোরেশন।
হ্যান্ডসেটটিতে আরও থাকছে ২০.৭ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, ২.২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৫.২ ইঞ্চির ১০৮০ পিক্সেল স্ক্রিন, ২.৫ গিগাহার্টজ কোয়াড-কোর প্রসেসর ও ৩ গিগাবাইট র্যাম। অন্যান্য আকর্ষণীয় ফিচারগুলোর মধ্যে আছে তিনটি এক্সপেরিয়া ডিভাইসকে কানেক্ট করে ভিডিও রেকর্ড, সাধারণ অডিও ফাইলকে আই-রেজুলিউশন ফাইল বানানোর সফটওয়্যার এবং ইউটিউবে লাইভ ভিডিও স্ট্রিম ব্রডকাস্টের সুবিধা। এছাড়াও এতে একবার চার্জে গড়ে দুইদিনরও বেশি সময় ধরে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে বলে দাবি করেছে সনি।
এক্সপেরিয়ার মার্কেটিং বিভাগের প্রধান ক্যালাম ম্যাকডুগাল বিবিসি-কে জানান, ‘স্মার্টফোনে ক্রেতাদের কনজিউমার ইলেক্ট্রনিক্সের সর্বোচ্চ সেবা দান করাই আমাদের প্রতিশ্রুতি। এক্সপেরিয়া জেড সিরিজের মাধ্যমে ধারাবাহিকভাবে আমরা সেই প্রতিশ্রুতি রক্ষা করে আসছি। আর জেড ৩ হ্যান্ডসেটটি আমাদের প্রতিশ্রুতির রক্ষার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ।’
