এনক্রিপ্টেড মেইল আনছে ইয়াহু
২০১৫ সালের মধ্যে সকল ইউজারের জন্য এনক্রিপ্টেড মেইল সেবা চালু করবে ইয়াহু। ব্রাউজারের বিশেষ একটি প্লাগ-ইনের ম্যাধমে মেইল এনক্রিপ্ট করতে পারবেন ইয়াহু মেইল ব্যবহারকারীরা।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার এনক্রিপ্টেড মেইল সেবার চালুর ঘোষণা দিয়েছেন ইয়াহুর প্রধান তথ্যনিরাপত্তা কর্মকর্তা অ্যালেক্স স্টামোস।
বিশ্ববাসীর উপর মার্কিন গোয়েন্দা সংস্থা এনএসএর নজরদারির নথি সাবেক এনএসএ ঠিকাদার এডওয়ার্ড স্নোডেন ফাঁস করার পর ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে সাইবার নিরাপত্তা। আর এর সমাধান হিসেবে ব্যাপক স্বীকৃতি পাচ্ছে এনক্রিপশন প্রযুক্তি।
ওয়েবজায়ান্ট গুগল ইতোমধ্যেই এনক্রিপ্টেড মেইল সেবার ঘোষণা দিয়েছে। এবার গুগলের পথ অনুসরণ করলো ইয়াহুও। গুগলের কোড মডিফাই করেই ইয়াহু নিজস্ব প্লাগ-ইন বানাবে বলে জানিয়েছেন স্টামোস। দুটি সেবাই একটি অন্যটির সঙ্গে কম্প্যাটিবল হবে বলেও জানিয়েছেন তিনি।
এনক্রিপ্টশন প্লাগ-ইন ব্যবহার করে পাঠানো মেইলগুলো গ্রাহক আর প্রাপক ছাড়া অন্য কেউ পড়তে পারবেন না। মাঝে অন্য কেউ মেইলটি পড়ার চেষ্টা করলে মেইলের কন্টেন্ট এতোটাই এলোমেলো হয়ে আসবে যে এর অর্থ উদ্ধার করতে পারবে না হ্যাকাররাও।
এনক্রিপশন সফটওয়্যার থাকলে এই কাজটি এখনই করা সম্ভব। তবে সাধারণ ব্যবহারকারীদের কাছে এই সফটওয়্যারগুলো জটিল মনে হতে পারে। সাধারণ ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখেই সহজে মেইল এনক্রিপ্ট সেবা দিতে চাইছে গুগল-ইয়াহু উভয়েই।
