বিনা মুক্তিপণেই ক্রিপ্টোলকার ফাইল উদ্ধার
কোনো প্রকার মুক্তিপণ ছাড়াই এখন ম্যালওয়্যার আক্রান্ত ফাইল উদ্ধার করতে পারবেন ক্রিপ্টোলকারের সেবাগ্রহণকারী পাঁচ লাখ ভুক্তভোগী। ক্রিপ্টোলকারের ওই ভুক্তভোগীদের ফাইলগুলো একটি ম্যালওয়্যার প্রোগ্রাম এনক্রিপ্ট করে রেখেছিল।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ফাইলগুলোর ডিক্রিপ্ট করার জন্য যে ‘কি’ প্রয়োজন হয়, সেটির জন্য ম্যালওয়্যার প্রোগ্রামের মাধ্যমে মুক্তিপণ দাবি করা হচ্ছিল।
অন্যদিকে সাইবার অপরাধী দলের কবল থেকে ক্রিপ্টোলকারকে উদ্ধারে ফক্স-আইটি ও ফায়ারআই নামের দুটি নিরাপত্তা প্রতিষ্ঠান ক্রিপ্টোলকারকে সহযোগিতা করছিল। ভুক্তভোগীদের বাঁচাতে প্রতিষ্ঠানটির নিরাপত্তা গবেষকরা সম্প্রতি ‘ডিক্রিপ্ট ক্রিপ্টোলকার’ নামের নতুন একটি অনলাইন পোর্টাল খুলেছেন, যেখানে এই ধরনের এনক্রিপ্ট করা ফাইলের ‘কি’ বিনামূল্যেই পাওয়া যাবে। নিরাপত্তা গবেষকরা ওই পোর্টালটি তৈরি করার আগে ম্যালওয়্যার আক্রমণের শিকার ভুক্তভোগীদের ডেটাবেইসের একটি কপি সংগ্রহ করেছিলেন বলে জানিয়েছে বিবিসি। এ প্রসঙ্গে ফক্স-আইটি’র প্রধান বিশ্লেষক মাইকেল স্যান্ডি জানিয়েছেন, এবার অনেকটা কপাল জোরেই বেঁচে গেছেন তারা।
মে মাসের শেষের দিকে ‘গেমওভার জিউস’ নামের ম্যালওয়্যার আক্রমণের শিকার হন ক্রিপ্টোলকার সেবাগ্রহণকারীরা। ভুক্তভোগীদের ৭২ ঘন্টার মধ্যে চারশ’ ডলার বা সমপরিমাণ মূল্যের বিটকয়েন কারেন্সির বিনিময়ে ফাইল উদ্ধারের সময় দিয়েছিল সাইবার অপরাধীরা। ব্যাক-আপ ডেটাবেইসের বিশ্লেষণ অনুসারে, ১.৩ শতাংশ ভুক্তভোগী মুক্তিপণ দিয়েছিলেন। অন্যান্যদের মধ্যে কেউ ব্যাক-আপ থেকে ফাইল সংগ্রহ করে নিয়েছিলেন বা সাইবার অপরাধীরা ফাইল হাতিয়ে নিয়েছিলেন বলে মেনে নিয়েছিলেন।
কিন্তু এখন ডিক্রিপ্ট ক্রিপ্টোলকার পোর্টালের মাধ্যমে ভুক্তভোগীরা নিজেদের ফাইল আনলকের ‘কি’ খুঁজে পাবেন। এ প্রসঙ্গে নিরাপত্তা প্রতিষ্ঠান ফায়ারআইয়ের প্রধান প্রযুক্তি কর্মকর্তা গ্রেগ ডে জানিয়েছেন, পোর্টালটিতে ভুক্তভোগীদের শুধু এনক্রিপ্টেড ফাইল সাবমিট করতে হবে, পরে গবেষকরাই খুঁজে বের করবেন ঠিক কোন এনক্রিপশন ‘কি’ ব্যবহার করা হয়েছিল।
