উইন্ডোজ ফোনে ব্ল্যাকবেরি মেসেঞ্জার
উইন্ডোজ ফোন প্লাটফর্ম থেকে 'ব্ল্যাকবেরি মেসেঞ্জার (বিবিএম)' ব্যবহারের সুযোগ করে দিয়েছে ব্ল্যাকবেরি লিমিটেড। মেসেজিং সেবাটি উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করায় আকৃষ্ট হতে পারেন এন্টারপ্রাইজ গ্রাহকরা।
রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, স্মার্টফোন বাজারে ক্রমশ পিছিয়ে পড়ে হার্ডওয়্যারের বদলের এখন সফটওয়্যার ও অ্যাপ কেন্দ্রিক সেবার দিকে ঝুঁকছে ব্ল্যাকবেরি লিমিটেড। কর্পোরেট এবং সরকারি প্রতিষ্ঠানের কর্মী এবং নিরাপদ মেসেজিং সার্ভিস খুঁজছেন এমন ব্যবহারকারীদের উপর নির্ভর করে বাজারে টিকে থাকতে চাইছে প্রতিষ্ঠানটি।
মোবাইল মেসেজিং প্রযুক্তিতে অগ্রণী ভূমিকা ছিল ব্ল্যাকবেরির। তবে হোয়াটসঅ্যাপের মতো প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর কাছে এক্ষেত্রেও পিছিয়ে পড়েছে প্রতিষ্ঠানটি। অন্যান্য প্লাটফর্মে নিজেদের মেসেজিং সার্ভিস উন্মুক্ত করতে রাজি না হওয়া ছিল ব্ল্যাকবেরির পিছিয়ে পড়ার একটি বড় কারণ।
বাজারে টিকে থাকতে এখন সেই অবস্থান থেকে সরে এসেছে প্রতিষ্ঠানটি। অ্যান্ড্রয়েড আর আইওএস স্মার্টফোনে ব্যবহারের জন্য ব্ল্যাকবেরি বিবিএম উন্মুক্ত করে দিয়েছিল ২০১৩ সালেই। আর এবার উইন্ডোজ প্লাটফর্মে ব্যবহার সুবিধার ফলে শীর্ষস্থানীয় সবগুলোই প্লাটফর্ম থেকেই ব্যবহার করা যাবে ব্ল্যাকবেরির মেসেজিং সার্ভিস।
