পরিধেয় পণ্য ট্র্যাক করতে রাসবেরি পাই
সস্তায় কেনা হার্ডওয়্যারের সাহায্যেই স্বাস্থ্য বা শারীরিক কার্যক্রম পর্যবেক্ষণকারী পরিধেয় গ্যাজেট ব্যবহারকারীদের অনুসরণ করা সম্ভব এবং পরিধেয় গ্যাজেটগুলোর তথ্যও সংগ্রহ করা সম্ভব। ভিন্নধর্মী এই গবেষণাটি করেছে, নিরাপত্তা প্রতিষ্ঠান সিমেনটেক।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ব্যবহৃত গ্যাজেটগুলোর মাধ্যমে তথ্য সংগ্রহ করতে ৭০ ডলার মূল্যের মাইক্রোকম্পিউটার রাসবেরি পাইয়ের সাহায্য নিয়েছিল সিমেনটেক।
গবেষক দলটি রাসবেরি পাই কম্পিউটারের সঙ্গে ব্লটুথ রেডিও মডিউল যুক্ত করেছিল। ‘ব্লটুথ মডিউলটি’ কোনো পরিধেয় গ্যাজেটের সঙ্গে সংযুক্ত হবার চেষ্টা করেনি বরং ওই গ্যাজেটগুলো যে তথ্য পাঠাচ্ছিল তা সংগ্রহ করেছে বলেই জানিয়েছে বিবিসি।
সিমেনটেক জানিয়েছে, এই কাজটি তারা করতে পেরেছেন কারণ অধিকাংশ পরিধেয় গ্যাজেটই খুব সহজ ডিভাইস যা স্মার্টফোন বা ল্যাপটপে তথ্য পাঠানোর জন্য যোগাযোগ করে, আর গ্যাজেটগুলোর ওই পাঠানো তথ্যই তারা সংগ্রহ করেছে।
কোন তথ্যগুলো তারা সংগ্রহ করতে পারেন তা দেখতে গবেষক মারিও বার্সেনা, ক্যান্ডিড উইস্ট এবং হো লাউ সুইজারল্যান্ড ও আয়ারল্যান্ডের বিভিন্ন ব্যস্ততম স্থান, এমনকি পার্ক ও ক্রীড়াবিষয়ক অনুষ্ঠানেও তাদের অনুসন্ধানী পাই’কে নিয়ে গিয়েছিলেন।
পরিধেয় গ্যাজেট ছাড়াও সেগুলোর সঙ্গে যেসব অ্যাপ কাজ করে তাও পরীক্ষা করে দেখেছেন গবেষকরা। সিমেনটেক এরকম যতগুলো অ্যাপ পরীক্ষা করেছে, তার মধ্যে প্রায় ২০ শতাংশ অ্যাপ পাঠানো তথ্যের নিরাপত্তা রক্ষার কোনো চেষ্টাই করেনি। অথচ ওই অ্যাপগুলোর পাঠানো তথ্যের মধ্যে নাম, জন্মসাল, পাসওয়ার্ডের মতো গুরুত্বপূর্ণ বিষয় ছিল।
এ প্রসঙ্গে সিমেনটেক টিম বলেছে, “মৌলিক নিরাপত্তায় এ পর্যায়ের ঘাটতি বেশ গুরুতর ভুল।”
