সোশাল মিডিয়ায় ‘কঠোর’ আইন রাশিয়ায়
রাশিয়ায় সোশাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্র সীমাবদ্ধ করে দিয়েছে নতুন এক আইন। আইনটিকে ‘কঠোর’ বলে মন্তব্য করেছে এক মানবাধিকার সংস্থা।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এ বছরের এপ্রিলেই আইনটি রাশিয়ান পার্লামেন্টের উচ্চকক্ষে অনুমোদন পেয়েছে।
নতুন আইনে বলা হয়েছে, যেসব ব্লগ প্রতিদিন তিন হাজারেরও বেশি পাঠক পড়ে থাকেন, সেসব ব্লগকে দেশটির গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা ‘রসকমনাডজর’ কর্তৃক নিবন্ধিত হতে হবে এবং দেশটির গণমাধ্যমগুলো যে নীতিমালা অনুসরণ করে তা তাদেরকেও তা মেনে চলতে হবে।
আইনটির ফলে জনপ্রিয় ব্লগাররা নিজের ব্যাপারে আগের মতো আর গোপনীয়তা বজায় রাখতে পারবেন না। এছাড়া সামাজিক মাধ্যমগুলোর অবশ্যই ন্যূনতম ছয় মাসের গ্রাহক ডেটা সংরক্ষণ করতে হবে এবং সে ডেটা রাশিয়ার অভ্যন্তরীন সার্ভারে সংরক্ষিত থাকতে হবে যাতে সরকার সে তথ্যগুলোয় প্রবেশাধিকার পায়। অন্যদিকে রাশিয়ান কর্তৃপক্ষ যাতে গ্রাহক ডেটা পেতে পারে সে ব্যাপারে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোও সহায়তা করতে বাধ্য থাকবে বলে বলা হয়েছে আইনে।
হিউম্যান রাইটস ওয়াচের ইউরোপ এবং সেন্ট্রাল এশিয়া বিভাগের পরিচালক হিউ উইলিয়ামসন এ আইন প্রসঙ্গে জানিয়েছেন, মুক্ত চিন্তা প্রকাশের ক্ষেত্রে রাশিয়ার শেষ স্থানটিই ছিল ইন্টারনেট। সমালোচকরা নতুন এই আইনটিকে ইন্টারনেট স্বাধীনতার প্রতিবন্ধকতা হিসেবেই দেখছেন।
