২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার মাইক্রোসফটের মামলায় স্যামসাং

টেক জায়ান্ট অ্যাপলের পর এবার স্যামসাংয়ের বিরুদ্ধে মামলা করল মাইক্রোসফট। অ্যান্ড্রয়েড রয়্যালিটি পেমেন্ট নিয়েই দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক্স জায়ান্টের নামে মামলা করেছে মার্কিন এই সফটওয়্যার জায়ান্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2014, 07:20 PM

Updated : 22 Aug 2022, 06:49 PM

এক প্রতিবেদনে মার্কিন দৈনিক পত্রিকা নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, স্যামসাংয়ের বিরুদ্ধে মাইক্রোসফট এ মামলাটি করেছে শুক্রবার।

পেটেন্ট সংক্রান্ত জটিলতা এড়াতে ২০১১ সালে মাইক্রোসফট ও স্যামসাং পেটেন্ট লাইসেন্সিং চুক্তি করেছিল। কিন্তু তিন বছর আগে ওই চুক্তির কথা তুলে মাইক্রোসফট সম্প্রতি অভিযোগ করেছে স্যামসাং পেটেন্ট লাইসেন্সিং চুক্তি মানছে না।

মামলায় মাইক্রোসফট আরও জানিয়েছে, স্যামসাং গত অক্টোবরেই রয়্যালিটি পেমেন্টের অর্থ দেওয়া বন্ধ করে দিয়েছে এবং ২০১১ সালের চুক্তি মোতাবেক এ বাবদ কোনো প্রকার সুদ দিতেও রাজি হচ্ছে না, অথচ স্যামসাংয়ের অ্যান্ড্রয়েড স্মার্টফোন এবং ট্যাবলেটে মাইক্রোসফটের ইন্টেলেকচুয়াল প্রোপার্টি এখনও ব্যবহৃত হচ্ছে।

মাইক্রোসফটের তথ্য অনুসারে, স্যামসাং আবারও চুক্তি লংঘনের হুমকি দিয়েছে, কারণ, মাইক্রোসফট গত এপ্রিলে নোকিয়া মোবাইল ব্যবসা কেনার ফলে মাইক্রোসফটই বরং চুক্তি লংঘন করেছে।

এক ব্লগ পোস্টে মাইক্রোসফটের ডেপুটি জেনারেল কাউন্সেল ও কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট ডেভিড হাওয়ার্ড জানিয়েছেন, এপ্রিলে সম্পন্ন হওয়া ‘নোকিয়া ডিল’ পূর্ববর্তী কোনো চুক্তি লংঘন করেনি। তার মতে, স্যামসাংয়ের অর্থ পরিশোধ বন্ধ করে দেওয়ার প্রধান কারণ হচ্ছে চুক্তির পর থেকে স্যামসাংয়ের স্মার্টফোন বিক্রি চারগুণ বেড়েছে।

যদিও চুক্তিটির খুঁটিনাটি দুই প্রতিষ্ঠানই গোপন রেখেছে, তবে এই ধরনের চুক্তিতে যতো বেশি ইউনিট বিক্রি হবে, রয়্যালটি বাবদ তত বেশি অর্থ পরিশোধ করতে হয়।

অন্যদিকে এক বিবৃতিতে স্যামসাং জানিয়েছে, তারা এখনও অভিযোগটি পর্যালোচনা করছে এবং এ প্রসঙ্গে উপযুক্ত পদক্ষেপ নির্ধারণ করছে।