আবারও শীর্ষে শাকিরা
শীর্ষ সোশাল মিডিয়া ফেইসবুক আর মাইক্রোব্লগিং সাইট টুইটারে আবারও শীর্ষে কলম্বিয়ান পপ তারকা শাকিরা। ‘ইয়োগার্ট ব্র্যান্ড’ অ্যাক্টিভিয়া সম্প্রতি নিজেদের বিজ্ঞাপনে ব্রাজিল বিশ্বকাপ ২০১৪ উপলক্ষ্যে নির্মিত শাকিরার ‘লা লা লা’ মিউজিক ভিডিওটি ব্যবহার করেছিল। সোশাল মিডিয়াতে সবচেয়ে বেশিবার শেয়ার হওয়া বিজ্ঞাপন এখন সেটি।
ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, ফেইসবুক, টুইটার এবং বিভিন্ন ব্লগে গত দুই মাসে ভিডিওটি শেয়ার করা হয়েছে ৫৩ লাখ ৭৫ হাজার বার।
এর আগে সোশাল মিডিয়ায় শেয়ারের হিসেবে শীর্ষ ছিল ভক্সওয়াগনের ‘দ্য ফোর্স’ বিজ্ঞাপনটি। ফেব্রুয়ারি ২০১১ থেকে ভিডিওটি বিভিন্ন সোশাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে ৫৩ লাখ ৭২ হাজার বার।
ফেইসবুক বা টুইটারে শাকিরা বরাবরই আকাশচুম্বী সাফল্য পেয়েছেন। ফেইসবুকে ১০ কোটি লাইক পাওয়া প্রথম শিল্পীও তিনি।
