২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্সটাগ্রামে এখনও ব্রাজিল রাজত্ব!

বিশ্বকাপ ফসকে গেছে তো কী হয়েছে, ইন্সটাগ্রামের রাজত্ব এখনও ব্রাজিলিয়ান ফুটবলারদের দখলে! ফটো শেয়ারিং সাইটটির ১০ ‘মোস্ট ফলোড’ ফুটবলারের মধ্যে ৭ জনই ব্রাজিলের।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2014, 12:28 PM

Updated : 22 Aug 2022, 06:42 PM

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেটের প্রতিবেদন অনুযায়ী, কেবল ব্রাজিল বিশ্বকাপ ২০১৪ চলার সময়েই ইন্সটাগ্রামে ৬ কোটি লাইক ও কমেন্ট পেয়েছেন দেশটির জাতীয় ফুটবল দলের খেলায়াড়রা। এর মধ্যে ৮৮ লাখ ফলোয়ার নিয়ে শীর্ষে আছেন নেইমার।

জার্মানির কাছে ৭ গোলে বিধ্বস্ত হওয়ার ম্যাচে ইনজুরির কারণে খেলেননি নেইমার। তবে পুরো টুর্নামেন্ট চলাকালীন সবচেয়ে বেশি সাড়া ফেলে দেওয়া তিনটি ছবিই তার। এরমধ্যে ছিল পুরো ব্রাজিল দলের সঙ্গে নেইমারের একটি ছবি, শেষ আপডেট অনুযায়ী ১২.৭ লাখ লাইক পেয়েছে ওই ছবিটি।

বিশ্বকাপ চলাকালে ইন্সটাগ্রামে সবচেয়ে বেশি নতুন ফলোয়ারও পেয়েছেন নেইমার। ৩৩ লাখ নতুন ফ্যান যোগ হয়েছে তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে।

নেইমারের পর সবচেয়ে বেশি নতুন ফলোয়ার পেয়েছেন ব্রাজিলের ডিফেন্ডার দাভিদ লুইজ। ২৩ লাখ নতুন ফলোয়ার পেয়েছেন তিনি।

ইন্সটাগ্রামে জনপ্রিয়তার হিসেবে ব্রাজিলের ফুটবলারদের তুলনায় বেশ খানিকটা পিছিয়ে আছেন আর্জেন্টাইন লিওনেল মেসি ও পর্তুগিজ ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বকাপের সময় মেসির অ্যাকাউন্টে যোগ হয়েছে ১০ লাখ নতুন ফলোয়ার, আর রোনালদো পেয়েছেন ৮ লাখ।