আইফোন ৬ বানাবে চীনের ফক্সবট
আইফোন ৬ অ্যাসেম্বল করবে চীনের ফক্সকন ইন্টারন্যাশনাল, আর এতে ব্যবহার করা হবে রোবট।
আইফোন ৬ এর ডিজাইন নিয়ে রয়েছে অসংখ্য গুজব, এর মধ্যে অন্যতম গুজব হল ফোনগুলো কোথায় তৈরি হবে তা নিয়ে। আইফোনের যন্ত্রাংশগুলো তৈরিতে সবসময়ই রোবট ব্যবহার করা হয়েছে, তবে নতুন এই গুজব সত্য হলে যন্ত্রাংশ সংযোজনেও এবারই প্রথম রোবট ব্যবহৃত হবে-- জানিয়েছে, প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল।
চীনের হন হায় প্রিসিশনের একটি প্রতিষ্ঠান ফক্সকন ইন্টারন্যাশনাল। হন হায় প্রিসিশনের প্রধান টেরি গোও জানান, কর্মী রোবটগুলো চূড়ান্ত পরীক্ষা পর্যায়ে রয়েছে এবং অ্যাপল হবে এর প্রথম ব্যবহারকারী।
চার বছর আগে কয়েকজন কর্মী আত্মহত্যা করার পর কর্মী হিসেবে রোবট ব্যবহার করার পরিকল্পনা করে ফক্সকন। এখন পর্যন্ত মোট ১০ হাজার রোবটকর্মী তৈরি করেছে প্রতিষ্ঠানটি।
