স্মার্ট বাল্বে পাসওয়ার্ড ফাঁস!
স্মার্ট এলইডি লাইট বাল্বের মাধ্যমেই বের করা সম্ভব ওয়াই-ফাই পাসওয়ার্ড। সম্প্রতি নিরাপত্তা বিশেষজ্ঞরা দেখিয়েছেন কীভাবে সহজেই নেটওয়ার্ক সংযুক্ত এলইডি বাল্ব হ্যাক করা যায়।
এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, কনটেক্সট সিকিউরিটির নিরাপত্তা বিশেষজ্ঞরা এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে।
নিরাপত্তা বিশেষজ্ঞরা কীভাবে নেটওয়ার্কভিত্তিক স্মার্ট বাল্ব হ্যাক করে ওয়াই-ফাই তরঙ্গের পাসওয়ার্ড বের করা যায় এবং লাইট নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসা যায় সে বিষয়টি দেখিয়েছেন।
বিষয়টি দেখাতে নিরাপত্তা বিশেষজ্ঞরা যুক্তরাজ্যে সহজলভ্য এলআইফিক্স স্মার্ট বাল্ব ব্যবহার করেছেন। ত্রুটিটি ধরা পড়ার পর ওই স্মার্ট লাইট নির্মাতা প্রতিষ্ঠানটি সমস্যাটির সমাধান করেছে বলে জানিয়েছে বিবিসি।
কনটেক্সটের গবেষণা প্রধান মাইকেল জর্ডান জানিয়েছেন, প্রথমে তারা কিছু লাইট বাল্ব পরস্পরের সঙ্গে কীভাবে যোগাযোগ বজায় রাখে তা পর্যবেক্ষণ করেন এবং যোগাযোগের একটা পর্যায়ে তারা দেখতে পান, বাল্বগুলো ওয়াই-ফাই তরঙ্গের ‘ইউজার নেম’ এবং ‘পাসওয়ার্ড’ প্রকাশ করে দিচ্ছে। পরবর্তীতে তারা ইউজার নেম এবং পাসওয়ার্ডের ভিত্তিতে ওয়্যারলেস তরঙ্গে প্রবেশ করে লাইটের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হন।
অন্যদিকে এলআইএফএক্স জানিয়েছে, তারা নিরাপত্তার দুর্বলতা সম্পর্কে জানা মাত্র সফটওয়্যার আপডেট করে সমস্যাটির সমাধান করেছেন। বিবিসির তথ্য অনুসারে, এক ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের কোনো গ্রাহককে এই দুর্বলতার কারণে ঝামেলা পোহাতে হয়নি। এছাড়াও ব্লগ পোস্টে গ্রাহকদের নিয়মিত আপ টু ডেট থাকার পরামর্শও দিয়েছে প্রতিষ্ঠানটি।
