পর্নো বিজ্ঞাপনমুক্ত হচ্ছে গুগল
ওয়েব জায়ান্ট গুগলের বিজ্ঞাপন নেটওয়ার্ক ‘অ্যাড’ওয়ার্ডস’ এর নতুন নীতিমালায় নিষিদ্ধ করা হয়েছে সবধরনের পর্নোগ্রাফিক বিজ্ঞাপন। অ্যানিমেটেড পর্নও এই নীতিমালার আওতায় পড়বে। সোমবার নতুন নীতিমালা ঘোষণা করে গুগল।
ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন নীতিমালা সম্পর্কে বিজ্ঞাপন দাতাদের জুন মাসেই ইমেইলের করা হয়েছিল বলে জানিয়েছে গুগল। তবে বিজ্ঞাপন দাতাদের বক্তব্য, গুগলের এই পদক্ষেপে অপ্রস্তুত অবস্থায় পরেছেন তারা।
সার্চ জায়ান্ট গুগলের আয়ের মুল উৎস বিজ্ঞাপন। সর্বশেষ প্রান্তিকে শুধু বিজ্ঞাপন থেকেই প্রায় ১৩৮ কোটি ডলার আয় করেছে গুগল, যা প্রতিষ্ঠনটির মোট আয়ের প্রায় ৯০ ভাগ।
পর্নোগ্রাফিক বিজ্ঞাপন নিষিদ্ধ করার কারণ প্রসঙ্গে গুগলের এক মুখপাত্র জানান, “গুগল নিয়মিত তাদের নীতিমালা হালনাগাদ করে। পর্নোগ্রাফিক বিজ্ঞাপন সম্পর্কে অনেক আগে থেকেই কঠোর নির্দেশনা দিয়েছে প্রতিষ্ঠানটি।” তবে, অ্যাড’ওয়ার্ডের মোট কত শতাংশ বিজ্ঞাপন পর্নোগ্রাফিক তা জানাতে অস্বীকার করেন তিনি।
