রক্তমাংসের বায়ো-বট!
থ্রিডি প্রিন্টিং প্রযুক্তিতে তৈরি কাঠামোর সঙ্গে রক্ত মাংসের মাংশপেশী জুড়ে ‘বায়ো-বট’ বানিয়েছেন ইউনিভার্সিটি অফ ইলিনয়ের বিজ্ঞানীরা। বিদুৎ প্রবাহের সঙ্গে সঙ্গেই সামনে এগোয় ওই বায়ো-বট।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, বিজ্ঞানীরা মাংশপেশীর কোষ জুড়ে দিয়েছেন থ্রিডি প্রিন্টারে তৈরি হাড়ের সঙ্গে। হাড়গুলো মজবুত কিন্তু নমনীয়।
বিদ্যুৎ প্রবাহের ফলে সংকুচিত হয় মাংশপেশীর কোষগুলো, সঙ্গে সঙ্গে বাঁকা হয় থ্রিডি প্রিন্টেড হাড়। আবার বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে দিলে ফিরে আসে আগের অবস্থায়। এভাবেই বায়ো-বটে তৈরি হয় সম্মুখ গতি।
ইলেকট্রিক পালসের মাধ্যমে বায়ো-বটের গতিও নিয়ন্ত্রণ করতে পারেন বিজ্ঞানীরা। সম্প্রতি ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সেস-এর প্রকাশনায় নতুন বায়ো-বট গবেষণার তথ্য প্রকাশ করেছেন তারা।
ইউনিভার্সিটি অফ ইলিনয়ের বিজ্ঞানীদের বায়ো-বট বানাবার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে ২০১২ সালে ইঁদুরের হৃদপিণ্ডের কোষ দিয়ে আরেকটি বায়ো-বট বানিয়েছিলন তারা। তবে ওই কোষগুলোর উপর পূর্ণ নিয়ন্ত্রণ ছিল না বিজ্ঞানীদের। এবারের বায়ো-বটে সেই সীমাবদ্ধতা অতিক্রম করতে পেরেছেন তারা।
চিকিৎসাখাতে, বিশেষ করে অপারেশন থিয়েটারে বায়ো-বট ব্যবহার করা যাবে বলেই মনে করছেন বিজ্ঞানীরা।
