স্মার্ট গ্লাসেই ডিএসএলআর মানের ছবি
নতুন উদ্ভাবিত ‘স্মার্ট গ্লাস’ প্রযুক্তির মাধ্যমে স্মার্টফোনেই ডিএসএলআর মানের ছবি তোলা সম্ভব হবে। জার্মানির গবেষকরা সম্প্রতি স্মার্টফোনের এই ক্যামেরা উপাদানটি তৈরি করেছেন যার মাধ্যমে আলোক নিয়ন্ত্রণ করা যাবে, এক্সপোজার ঠিক করা যাবে এবং ফোকাস করা সম্ভব হবে।
এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, জুনের ১৯ তারিখ এ বিষয়ক গবেষণা প্রতিবেদন জার্নাল অফ অপটিকসে প্রকাশিত হয়েছ।
আকৃতির কারণে এতোদিন স্মার্টফোনে অ্যাপার্চার বা আইরিস স্থাপন করা সম্ভব হয়নি বলেই জানিয়েছে ম্যাশএবল। ফলে স্মার্টফোন ক্যামেরা আর ডিএসএলআর ক্যামেরার ছবির মধ্যে বিস্তর ব্যবধান দেখা যেত।
কিন্তু নতুন স্মার্ট গ্লাস প্রযুক্তি এই ব্যবধান অনেকটাই কমিয়ে এনেছে। গবেষকদলের সদস্য টোবিয়াচ ডাচম্যান জানিয়েছেন, নতুন প্রযুক্তিতে স্মার্টফোনের ক্যামেরাগুলো ডেপথ অফ ফোকাস পরিবর্তন করতে পারবে যা বর্তমানে সম্ভব হয়না।
এ ছাড়াও এই পদ্ধতি প্রয়োগ করে কম আলোতে ছবি তোলা বা বেশি আলোতে মূহূর্ত ধারণ করা নিয়ে সমস্যায় পড়তে হবে না। ডাচম্যান ও তার দল মাইক্রো-আইরিস নিয়েও কাজ করছেন, যা স্মার্টফোন ক্যামেরায় স্থাপন করা সম্ভব হবে।
তবে স্মার্ট গ্লাসের সম্পূর্ণ প্রকল্পটিই এখনও প্রথম পর্যায়ে রয়েছে এবং বাণিজ্যিক উৎপাদনের জন্য প্রস্তুত নয় বলেই জানিয়েছেন গবেষকরা।
