‘বিচ্ছিন্ন’ ইরাকে ভরসা ফায়ারচ্যাট
ইরাকে ইন্টারনেট ব্যবহারে নিষেধাজ্ঞা এড়াতে ফায়ারচ্যাট মেসেজিং অ্যাপ ব্যবহার করছে দেশটির অধিবাসীরা। ফায়ারচ্যাট মেসেজিং অ্যাপটির মাধ্যমে কোনো ইন্টারনেট সংযোগ ছাড়াই গ্রুপ মেসেজ পাঠানো যায়।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, জঙ্গিদের যোগাযোগ বন্ধ করার লক্ষ্যে ইরাকের কিছু প্রদেশে ইন্টারনেট সেবা ব্লক করে রেখেছে দেশটির কর্তৃপক্ষ। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও গুরুতর সীমাবদ্ধতা চলছে দেশটিতে।
বিগত কয়েক মাসে ইরাকে ফায়ারচ্যাট অ্যাপটি ডাউনলোড হয়েছিল মাত্র ছয় হাজার ছয়শ’ বার। কিন্তু শুধু গত সপ্তাহেই ৪০ হাজার ব্যবহারকারী ফায়ারচ্যাট অ্যাপ ডাউনলোড করেছে বলেই জানিয়েছে মেসেজিং অ্যাপটির নির্মাতা প্রতিষ্ঠান।
ফায়ারচ্যাট অ্যাপটির মাধ্যমে ‘ম্যাশ নেটওয়ার্কিং’ প্রযুক্তিতে দুই থেকে ১০ হাজার ব্যক্তি কোনো প্রকার ইন্টারনেট সংযোগ ছাড়াই গ্রুপ চ্যাট করতে পারেন। অ্যাপটির সাহায্যে দুইশ’ ৩০ ফিট বা ৭০ মাইল দূর পর্যন্ত মেসেজ পাঠানো যায়, আর ব্যবহারকারীর সংখ্যা বেশি হলে এটি আরও দূর পর্যরন্ত মেসেজ পাঠাতে পারে।
অ্যান্ড্রয়েড এবং আইওএস সংস্করণের এই অ্যাপটির কোনো মেসেজই ব্যক্তিগত নয়। অর্থাৎ, যে মেসেজ পাঠানো হয় তা অন্যান্য ব্যবহারকারীরাও দেখতে পারেন। তবে ফায়ারচ্যাট সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অ্যাপটির কোনো মেসেজ কন্টেন্টই দেখতে পারে না বলেই জানিয়েছে বিবিসি।
ইরাকের যেসব প্রদেশে ‘আইসিস জঙ্গি’ সক্রিয় রয়েছে সেসব প্রদেশে ইন্টারনেট সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার আদেশ দিয়েছে দেশটির বর্তমান সরকার। মাইক্রোব্লগিং সাইট টু্ইটারে জঙ্গিদের ‘রটনামূলক’ মেসেজ ছড়ানো এবং চোখ বাঁধা শিরশ্ছেদ করা মানুষের ছবি পোস্ট করার পর দেশটির সরকার এই ইন্টারনেট নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে বলেই জানিয়েছে বিবিসি।
তিন মাস আগে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিষ্ঠান ওপেন গার্ডেনের লঞ্চ করা এই অ্যাপটি তাইওয়ান সংসদের ইন্টারনেট সীমাবদ্ধতা ও স্বল্প সেল কভারেজ সিদ্ধান্তের বিপক্ষে আন্দোলনরত শিক্ষার্থীরাও ব্যবহার করেছিল বলেই জানিয়েছে বিবিসি।
ওপেন গার্ডেন জানিয়েছে, জনপ্রিয়তার দিক থেকে ইরাকে অ্যাপটি যুক্তরাষ্ট্রের তুলনায় দ্বিতীয় অবস্থানে আছে। অন্যদিকে প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র জানিয়েছেন, “ইরাকের ব্যবহারকারীরা হয়ত অ্যাপটির গুরুত্বকে ছোট করে দেখছে, যে সংখ্যক ব্যবহারকারী ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করছে, তা অ্যাপটির প্রবেশাধিকার গোপন করছে।”
