২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবারে ‘নোকিয়া এক্স’!

সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট নোকিয়া কিনে নেওয়ার পর ক্রেতাদের অনেকে তো বটেই, প্রযুক্তি বিশ্লেষকদের অনেকেই ভেবেছিলেন, স্মার্টফোনের বাজারে নোকিয়ার অধ্যায়ের বুঝি অবসান হল।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2014, 06:58 PM

Updated : 26 Jul 2022, 12:41 PM

কিন্তু মাইক্রোসফটের নতুন এক টিজার ইঙ্গিত করছে ভিন্ন কিছু। স্মার্টফোন জগতকে এখনই বিদায় জানাচ্ছে না নোকিয়া। মঙ্গলাবারেই দ্বিতীয় প্রজন্মের ‘নোকিয়া এক্স’ স্মার্টফোন উন্মোচন করবে প্রতিষ্ঠানটি, এমন ইঙ্গিতই দেওয়া হয়েছে ওই টিজারে।

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন ‘নোকিয়া এক্স’ স্মার্টফোনের ইঙ্গিতটা এসেছে নোকিয়ার ‘কনভারসেশনস’ ব্লগ থেকে। “গ্রীষ্ম আমাদের ভেতরের উজ্জলতাকে বের করে নিয়ে আসে…কনভারসেশনসের সঙ্গেই থাকুন আমাদের থলিতে কি আছে তা জানার জন্য’--এমনটাই বলা হয়েছে ‘গ্রিন উইথ এনভি’ শিরোনামের ওই ব্লগ পোস্টে।

জুনেই নতুন নোকিয়া স্মার্টফোন বাজারে আসবে এমন গুজব শোনা যাচ্ছিল মাসের শুরু থেকেই। বিজিআর ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, স্মার্টফোনটিতে ৪.৩ ইঞ্চির স্ক্রিন, ১গিগাহার্টজের ডুয়াল কোর স্ন্যাপড্রাগন প্রসেসর আর ৫ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে বলে গুজব রয়েছে।

নতুন স্মার্টফোন নিয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো থেকে বিরত ছিলেন মাইক্রোসফটের মুখপাত্র। তবে সারফেস প্রো থ্রি উন্মোচনের আগে ঠিক একই রকম ‘রহস্যময়’ টিজার পোস্ট করেছিল মাইক্রোসফট।