আইওয়াচ পরীক্ষা করছে অ্যাপল
টেক জায়ান্ট অ্যাপল তাদের আসন্ন প্রযুক্তি পণ্য ‘আইওয়াচ’ পরীক্ষার জন্য বেশ কিছুসংখ্যক পেশাদার ক্রীড়াবিদ তালিকাভুক্ত করেছে বলে জানা গেছে।
এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, এই বছরের অক্টোবরের দিকেই বাজারে আসার সম্ভাবনা রয়েছে অ্যাপল স্মার্টওয়াচের।
অ্যাপল প্রযুক্তিবিষয়ক সাইট ৯টু৫ম্যাকের তথ্য অনুসারে, অ্যাপলের আসন্ন ওই ডিভাইসটির ‘শেষমাত্রার প্রশিক্ষণ পরিবেশে ফিটনেসযোগ্যতা’ পরীক্ষা করছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ বেসবল, ন্যাশনাল হকি লিগ এবং ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের শীর্ষ ক্রীড়াবিদরা।
ম্যাশএবল জানিয়েছে, এসব শীর্ষ ক্রীড়াবিদদের মধ্যে তারকাখ্যাতি প্রাপ্ত খেলোয়াড় কোবে ব্রায়ান্ট, ডাস্টিন ব্রাউনও রয়েছেন। এমনকি মে মাসে ব্রায়ান্টকে অ্যাপলের ক্যালিফোর্নিয়ার কুপর্টিনো প্রাঙ্গনে দেখা গিয়েছে বলেও দাবি করেছে ম্যাশএবল। ব্রায়ান্ট সেখানে অ্যাপলের ডিজাইন প্রধান জনি আইভের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বলেই জানা গেছে।
ধারণা করা হচ্ছে, অ্যাপল আইওয়াচের ব্র্যান্ড অ্যাম্বাসডর হিসেবে বিশ্বের পঞ্চম শীর্ষ অর্থ গ্রহণকারী ব্রায়ান্টকে নির্বচিত করা হতে পারে। কারণ, পশ্চিম বিশ্বের খেলাপ্রেমীদের পাশাপাশি চীনেও ব্রায়ান্টের যথেষ্ট ভক্ত রয়েছেন।
এছাড়াও অ্যাপল স্মার্টওয়াচের অন্যতম একটি গুজব হল, নাইকি আইওয়াচ তৈরিতে প্রযুক্তি প্রতিষ্ঠানটিকে সহযোগিতা করছে। এদিকে ব্রায়ান্টও অনেক আগে থেকেই নাইকির সঙ্গে কাজ করছেন বলেই জানিয়েছে ম্যাশএবল।
