বড় পরিসরে নয় ব্রডওয়েল চিপ!
২০১৫ সালের আগে বড় পরিসরে বাজারে আসছে না চিপ জায়ান্ট ইনটেলের নতুন ব্রডওয়েল প্রসেসর। এই বছরের শেষেই বাজারে আনুষ্ঠানিক অভিষেক হবে ব্রডওয়েল চিপের।
তবে সবধরনের ডিভাইসে এর উপস্থির জন্য ক্রেতাদের অপেক্ষা করতে হবে আগামী বছর পর্যন্তই।
প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, আসুস ট্রান্সফরমারবুক বুক টি৩০০ চি-এর মতো ডিভাইস দিয়ে ২০১৪ সালেই বাজারে অভিষেক হবে ব্রডয়েল চিপের। তবে ওই ল্যাপটপটিও বাজারে কিনতে পাওয়া যাবে সীমিত সংখ্যায়।
ব্রডওয়েল চিপ ব্যবহৃত হয়েছে এমন স্মার্টফোন বা ট্যাবলেট এ বছরেই বাজারে আসার কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছে সিনেট। নতুন আইম্যাক বা সারফেস প্রো থ্রিতে ব্রডওয়েল চিপ থাকবে বলে যারা আশা করছিলেন, নিরাশ হয়েছেন তারাও।
বিগত বছরগুলোতে ইন্টেলের নতুন প্রসেসর সম্বলিত ডিভাইসগুলো জুন থেকে অগাস্ট মাসের মধ্যেই বাজারে আসতে দেখা গেছে। তবে এবছর ব্রডওয়েল উন্মোচনে বিলম্বের কারণে তা সম্ভব হচ্ছে না।
ব্রডওয়েল বিলম্বের কারণে ইন্টেলের ফ্ল্যাগশিপ প্রসেসর হিসেবে থাকছে এক বছরের পুরনো হ্যাসওয়েল। প্রতিযোগিতামূলক বাজারে হ্যাশওয়েল এখনও শক্ত অবস্থানেই আছে। ফলে বাজারে পিছিয়ে পড়ার সম্ভবনা নেই ইনটেলের।
