মেসেজিং অ্যাপ ‘ইয়ো’ হ্যাকড
ডাউনলোড টপ চার্টের শীর্ষে থাকা মেসেজিং অ্যাপ ‘ইয়ো (Yo)’ হ্যাক করেছে একদল শিক্ষার্থী। ‘সিকিউরিটি ইস্যুর’ কথা নিশ্চিত করেছেন অ্যাপটির নির্মাতা।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ‘ইয়ো’ হ্যাক করার দাবি করেছে তিন কলেজ শিক্ষার্থী ।
হ্যাকিং প্রসঙ্গে ইয়োর নির্মাতা আর্বেল প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চকে বলেন, “কিছু সমস্যার সমাধান করা হয়েছে এবং বাকিগুলো নিয়ে আমরা এখনও কাজ করছি। আমরা বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে নিয়েছি।”
মজার ব্যাপার হচ্ছে, এই মেসেজিং অ্যাপটির মাধ্যমে বন্ধুদের শুধু ‘yo’ শব্দের একটি মেসেজই পাঠানো যায়। ডাউনলোড টপচার্টের শীর্ষে থাকলেও অ্যাপটির যৌক্তিকতা নিয়ে বিতর্ক আছে খোদ প্রযুক্তিভক্তদের মধ্যেই।
ইয়ো হ্যাক করে ব্যবহারকারীর ফোন নম্বর জোগাড় করে নেওয়া সম্ভব বলে টেকক্রাঞ্চের কাছে দাবি করেছে ওই হ্যাকার শিক্ষার্থীরা। এভাবে খোদ অ্যাপ নির্মাতার মোবাইল নম্বর সংগ্রহ করে তাকে টেক্সট মেসেজ পাঠানো হয়েছিল বলে জানিয়েছে তারা। মেসেজ পেয়ে নাকি উল্টো ফোন করেছিলেন আর্বেল।
এছাড়াও ‘ইয়ো’ হ্যাক করে স্প্যাম পাঠানো, যে কোনো ব্যবহারকারীর ‘ইয়ো’ মেসেজ আটকে দেওয়া এবং পুশ নোটিফিকেশনের মাধ্যমে যে কোনো মেসেজ পাঠানো সম্ভব বলে জানিয়েছে অ্যাপটির হ্যাকাররা। তবে অ্যাপটির দুর্বলতার সুযোগ নেওয়া হবে না বলে নিশ্চিত করেছে তারা।
বিশ্বকাপ খেলায় গোল হলেই অ্যাপটির ব্যবহারকারীরা ‘ইয়ো’ বার্তা পান।
আর্বেল জানিয়েছেন, মেসেজিং এই অ্যাপটির মাধ্যমে এখন পর্যন্ত ৪০ লাখ ইয়ো মেসেজ পাঠানো হয়েছে।
‘পয়েন্টলেস’ হিসেবে ধরা হলেও অ্যাপটি নির্মাণের জন্য অনুদান সংগৃহীত হয়েছিল ১০ লাখ ডলার, আর অ্যাপটি তৈরিতে সময় লেগেছিল আট ঘণ্টা বলেই জানিয়েছে বিবিসি।
